ঝিনাইদহ জেলার হাইওয়েগুলো থেকে ব্যাটারিচালিত থ্রি-হুইলার ইজিবাইক হটানো যাচ্ছে না। এতে ঘটছে দুর্ঘটনা, মানুষ হতাহত হচ্ছে। দেশের সর্বোচ্চ আদালত নির্দেশ দিয়েছে, হাইওয়েগুলোতে ইজিবাইক চলবে না। হাইওয়ে পুলিশ ও জেলা পুলিশ হাইওয়েগুলোতে ইজিবাইক চলাচল বন্ধ করতে পারছে না।
ইজিবাইকের সংখ্যা অত্যধিক বেড়ে যাওয়ার কারণে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে গেলে বাধার সম্মুখীন হতে হচ্ছে। ঝিনাইদহ জেলায় চারটি হাইওয়ে রয়েছে। এগুলো হচ্ছে—ঝিনাইদহ-যশোর, ঝিনাইদহ-কুষ্টিয়া, ঝিনাইদহ-মাগুরা ও ঝিনাইদহ-চুয়াডাঙ্গা। এসব হাইওয়েতে পিঁপড়ার সারির মতো ইজিবাইক চলছে।
জেলায় বর্তমানে কত ইজিবাইক আছে তার কোনো পরিসংখ্যান নেই। তবে দিনে দিনে সংখ্যা বাড়ছে| ঝিনাইদহ-কুষ্টিয়া হাইওয়েতে চলাচলকারী ইজিবাইক চালক আবুল হোসেন বলেন, প্রথম থেকে কড়াকড়ি করলে গাড়ি কিনতাম না। এখন ইজিবাইক চালিয়ে সংসার চলে। গ্রামীণ সড়কে চালিয়ে পোষায় না। তারা সংখ্যায় অনেক হয়ে গেছে।
ঝিনাইদহ হাইওয়ে থানার ওসি শাহাবুদ্দিন চৌধুরী বলেন, তারা বিভিন্ন স্থানে মহাসড়কে ইজিবাইক চলাচল বন্ধে অভিযান চালাচ্ছেন। জরিমানা করা হচ্ছে। তার পরেও থামানো যাচ্ছে না। সম্প্রতি মাগুরা মহাসড়কে ইজিবাইক চলাচল বন্ধ করতে গিয়ে হামলার শিকার হয় হাইওয়ে পুলিশ।
