বজলু মিয়ার প্রেমিক মন

আপডেট : ০৩ জুন ২০১৯, ২০:০৫

ঈদের দিন

চ্যানেল :বাংলাভিশন

সময় :দুপুর ২টা ১০ মিনিট

মুহাম্মদ মামুন-অর-রশীদের রচনা ও আল হাজেনের পরিচালনায় টেলিফিল্ম ‘বজলু মিয়ার প্রেমিক মন’ বাংলাভিশনে প্রচার হবে ঈদের দিন দুপুর ২টা ১০ মিনিটে। টেলিফিল্মটিতে অভিনয় করেছেন জাহিদ হাসান, তিশা প্রমুখ।

বজলু শহুরে এক আধুনিক ছেলে। পেশায় প্রকৌশলী। বছর কয়েক হয় বুয়েট থেকে পাশ করে বের হয়েছেন। এখনো ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা দিয়ে ঘুরে বেড়ান। এখানে আসেন চায়ের দোকানে আড্ডা দিতে। মানুষকে আকৃষ্ট করার মতো নানা কথা বলতে পারেন। বিশেষ করে মেয়েরা তাঁর কথায় বেশি আকৃষ্ট হয়। বাকপটু বজলু খোলামনে সকলের সাথে মেশে।

তানজিন বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া। ৪র্থ বর্ষে পড়ছে। বাবা চাইছেন তানজিনকে বিয়ে দিতে। কিন্তু তানজিনের সেভাবে কাউকে পছন্দ নেই। একটু অন্যরকম মেয়ে। তাঁর মন বর্ষার আকাশের মতো এই মেঘ, এই রৌদ্র। হেয়ালি খেয়ালি উচ্ছ্বল, তবে উশৃঙ্খল নয়। বাবার ঠিক করা ছেলের প্রতি আস্থা কম। দেখে নিতে চান সঙ্গীকে। কিন্তু তানজিন এত সত্ যে কোনো মানুষ খারাপ হয় সেটা ভাবতেও পারে না।

আকস্মিকভাবে বজলুর সঙ্গে একদিন তানজিন হকের পরিচয় হয়। কেন যেন তানজিন হক বজলুর কথায় পটে যায়। ধনী বাবার মেয়ে। রাজধানীতে বিশাল অট্টালিকা। মাত্র সপ্তাহখানেকের মধ্যে মনে হলো বজলু মিয়া প্রেমিক মনটাই তাঁর জন্য পারফেক্ট। বজলুর অতি কেয়ারিং ভাবটা হেয়ালি খেয়ালি তানজিন হককে সব থেকে বেশি আকৃষ্ট করেছে। একদিন সকালে উঠে আদেশ জারি হলো, আজই তাঁদের বিয়ে হবে। বজলু যতই বোঝায়— এত তাড়াহুড়া কিসের। দুই পরিবারের সম্মতিতেই তাঁরা না হয় বিয়ে করবে।