আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে এক দর্জির দোকানে কাস্টমারদের জন্য পোশাক তৈরি করা হচ্ছিল। কিন্তু অজ্ঞাত দুই বন্দুকধারী অস্ত্রের মুখে ২০০ পোশাক নিয়ে পালিয়ে গেছেন। এই ঘটনা পাকিস্তানের।
গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, রাজধানী ইসলামাবাদে মুহাম্মদ রাজ্জাকের দর্জির দোকান। রাজ্জাক বলেন, দুই বন্দুকধারী তার দোকানে প্রবেশ করে তার কর্মীদের বেঁধে ফেলে। এরপর মারধর করেন। পরবর্তীতে ২৪০টি পুরোপুরি তৈরি হওয়া বা অল্প বাকি থাকা ঐতিহ্যবাহী সালোয়ার কামিজ নিয়ে পালিয়ে গেছে।
রাজ্জাক আরও বলেন, পুলিশ ওই দুই ব্যক্তিকে গ্রেফতার করতে এখন পর্যন্ত কোনো ক্লু পায়নি। এতে তার ঈদ দুঃস্বপ্নে পরিণত হয়েছে।
তিনি জানান, চুরি হওয়া পোশাকের দাম ৭ লাখ ২০ হাজার রুপির বেশি।
গতকাল শুক্রবার দেখা গেছে রাজ্জাকের দোকান এখন ফাঁকা হয়ে পড়ে আছে। রাজ্জাক বলেন, আমি এখানে গত ২০ বছর ধরে কাজ করছি এবং ইসলামাবাদ ও রাওয়ালপিন্ডির পশ এলাকা থেকে ব্র্যান্ডেড এবং দামি কাপড় নিয়ে গ্রাহকরা আসেন।
ওই দোকানের সালমান আশরাফ নামে এক টেইলর যাকে বন্দুকধারীকে বেঁধে রেখেছিল। তিনি বলেন, ডাকাতরা খুবই আক্রমণাত্মক ছিল। তারা আমাদের মারধর করে, দড়ি দিয়ে বেঁধে চুপ থাকতে বলে।
দেশটির পুলিশ জানিয়েছে তারা এই ডাকাতির তদন্ত করছে।
