শোলাকিয়ার ঈদের জামাত সকাল দশটায়

আপডেট : ০১ মে ২০২২, ১০:২৬

করোনা মহামারির কারণে দুই বছর বন্ধ থাকার পর ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহে এ বছর ঈদুল ফিতরের জামাতের আয়োজন করা হয়েছে। এবছর এই ঈদগাহে অনুষ্ঠিত হবে ঈদুল ফিতরের ১৯৫তম জামাত।

জেলা ঈদগাহ পরিচালনা কমিটির সভাপতি জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম জানান, এ বছর করোনা পরিস্থিতির উন্নতি হওয়ায় এবং দুই বছর ঈদের জামাত বন্ধ থাকায় এবার শোলাকিয়া ঈদগাহে সর্বোচ্চসংখ্যক মুসল্লির উপস্থিতি আশা করা হচ্ছে। মুসল্লিদের সকলপ্রকার সুযোগ-সুবিধার দিকে জেলা প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ নজর দেওয়া হয়েছে। অন্যান্য বছরের মতো এবছরও মুসল্লিদের ছাতা ও মোবাইল নিয়ে মাঠে প্রবেশ করতে নিষেধ করা হয়েছে।

এ বছর শোলাকিয়া ঈদগাহে ঈদের জামাত শুরু হবে সকাল ১০টায়। এতে ইমামতি, খুতবা ও দোয়া পাঠ করবেন বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশনের সাবেক পরিচালক, বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ এবং ইসলাহুল মুসলিমিন পরিষদের চেয়ারম্যান মাওলানা ফরীদ উদ্দীন মাসউদ। প্যানেল ইমাম থাকবেন বড়বাজার জামে মসজিদের খতিব মাওলানা মো. শোয়াইব ও মারকাস মসজিদের খতিব মাওলানা হিফজুর রহমান খান। এই মাঠের ঐতিহ্য অনুয়ায়ী নামাজ শুরুর ১৫ মিনিট আগে তিন রাউন্ড, ৫ মিনিট আগে দুই রাউন্ড ও এক মিনিট আগে এক রাউন্ড শটগানের গুলি ছুড়ে মুসল্লিদের নামাজের প্রস্তুতি গ্রহণের জন্য সংকেত দেওয়া হবে। মহিলাদের জন্য সরযূবালা সরকারি বালিকা বিদ্যালয়ে পৃথক জামাতের আয়োজন করা হয়েছে।

ইত্তেফাক/ ইআ