আমতলীতে এ বছর বোরো ধানের ভালো ফলন হয়েছে। বাজারে ধানের দাম ভালো থাকায় খরচ উঠে দ্বিগুণ লাভবান হবেন কৃষকরা। তরমুজে কিছুটা মার খেলেও বোরো ধানের ভালো ফলনে কৃষকের মুখে হাসি ফুটেছে।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, এ বছর আমতলীতে বোরো ধান চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল ২ হাজার ৬০০ হেক্টর। কিন্তু লক্ষ্যমাত্রা অর্জিত হয়ে ২ হাজার ৭৫০ হেক্টর জমিতে আবাদ হয়েছে। বর্তমানে কৃষকরা ধান কাটায় ব্যস্ত সময় পার করছেন। বাজারে ধানের দাম অনেক ভালো। শুরুতেই বাজারে প্রতি মণ ধান ৯৫০ থেকে ১ হাজার টাকায় বিক্রি হয়েছে। বর্তমান বাজারে চিকন ধান ৭৮০ থেকে ৯০০ টাকা এবং মোটা ধান ৭২০ টাকা থেকে ৮২০ মণ দরে বিক্রি হচ্ছে।
উপজেলার কাউনিয়া গ্রামের কৃষক নজরুল ইসলাম বলেন, ১৫ হাজার টাকা ব্যয়ে ৮০ শতাংশ জমিতে বোরো চাষ করেছি। ফলন ভালো হয়েছএ। বাজারে ধানের দামও ভালো। আশাকরি খরচ উঠে দ্বিগুণ লাভ হবে।
আমতলী উপজেলা কৃষি কর্মকর্তা সি এম রেজাউল করিম বলেন, বোরো ধানের বাম্পার ফলন হয়েছে। বাজারে ধানের দাম ভালো থাকায় কৃষকরা বেশ লাভবান হবে।
