কাবুলে বাসে বোমা হামলার দায় স্বীকার করলো আইএস

আপডেট : ০২ মে ২০২২, ০৫:০৬

আফগানিস্তানের রাজধানী কাবুলে একটি যাত্রীবাহী বাসে বোমা হামলার দায় স্বীকার করেছে ইসলামিক স্টেট গ্রুপ। এই হামলায় একজন নারী নিহত হন। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে এএফপি।

পবিত্র রমজান মাসের গত দুই সপ্তাহে চালানো পৃথক হামলায় অনেক মানুষ নিহত ও আরো অনেকে আহত হয়েছে। 

কাবুল পুলিশ জানায়, বাসে হামলায় এক নারী নিহত ও অপর তিনজন আহত হয়। মুসল্লিরা নামাজ আদায় করার সময় শুক্রবার একটি মসজিদে বোমা হামলায় ১০ জন নিহত হওয়ার কয়েকদিন পর রাজধানীতে দ্বিতীয় এ হামলা চালানো হলো।

মসজিদে শুক্রবারের হামলার দায় কেউ স্বীকার না করলেও আইএস বাসে হামলা চালানোর দায়িত্ব স্বীকার করেছে।

আইএস সাম্প্রতিক সপ্তাহগুলোতে, বিশেষ করে সুন্নি সংখ্যাগরিষ্ঠ আফগানিস্তানের সংখ্যালঘু শিয়া ও সুফি সম্প্রদায়ের লোকজনকে লক্ষ্য করে অনেক হামলা চালানোর দাবি করে।

তালেবান কর্মকর্তারা জোরদিয়ে  বলেন, তাদের বাহিনী আইএস’কে পরাজিত করেছে। তবে বিশ্লেষকরা বলছেন, এ জিহাদি গ্রুপ নিরাপত্তার ক্ষেত্রে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

এদিকে, কাবুল পুলিশ ঈদুল ফিতরের ছুটি চলাকালে নিরাপত্তা নিশ্চিত করার প্রতিশ্রুতি ব্যক্ত করেছে।

ইত্তেফাক/টিআর