ঢাকার বসে ম্যাচের আগের দিন বীরেন্দ্র শেবাগ একবার বাংলাদেশ দলকে ‘সাদামাটা’ বলেছিলেন। কিন্তু, সেদিন হয়েছে বাসী। বাংলাদেশ এখন নিজেদের দিনে কি করতে পারে সেটা বিশ্বকাপেই প্রমাণ হল। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দারুণ এক জয়ের পর সাবেক বনে যাওয়া সেই শেবাগই টুইটারে লিখেছেন, ‘অভিনন্দন বাংলাদেশ। খুব ভালো খেলেছো। এই জয় তোমাদের প্রাপ্য।’
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২১ রানের এই জয়টা বিশ্বের জন্যও একটা বিশাল বার্তা। বার্তাটা হল, বাংলাদেশের বিপক্ষে নিশ্চিত জয় ধরে নিয়ে মাঠে নামা মানেই নিজেদের বিপদে ফেলা। আর বিশ্বকাপে স্রেফ দল সংখ্য বাড়াতে নয়, নিজেদের সক্ষমতার প্রমাণ দিতেই এসেছে মাশরাফি বিন মুর্তজার দল।
সেই কথাটাই বললেন বাংলাদেশের সাবেক বোলিং কোচ, ইংল্যান্ডের ইয়ান পন্ট। টুইটারে তিনি লিখেছেন, ‘দক্ষিণ আফ্রিকাকে হারানোর মধ্য দিয়ে বাংলাদেশ বিশ্বকে বড় একটা বার্তা দিয়ে রাখলো। খুব সহজেই জয়টা আসলো। আমার মতে জয়ের ব্যবধানটা আরো বড় হওয়া উচিত্ ছিল।’
বিশ্বকাপে বাংলাদেশকে এখন ‘ডার্ক হর্স’ হিসেবে দেখা শুরু করেছে ক্রিকেট বিশ্ব। সাবেক ইংলিশ অধিনায়ক মাইকেল ভন এক টুইটে বলেন, ‘ব্যাটিং নির্ভর দল হিসেবে বাংলাদেশের খেলা দেখতে সত্যিই দারুণ। দলটিতে দক্ষতা আছে, স্বাধীনতা আছে। আছে অভিজ্ঞতাও। ওরাই মনে হয় এবারের বিশ্বকাপের ডার্ক হর্স হতে যাচ্ছে।’
বাংলাদেশ সব বিভাগেই দক্ষিণ আফ্রিকাকে উড়িয়ে দিয়েছে, এমন মন্তব্য করেছেন সাবেক ভারতীয় ক্রিকেটার ও ক্রিকেট বিশ্লেষক আকাশ চোপড়া। টুইটারে তিনি লিখেছেন, ‘বাংলাদেশ সব বিভাগেই দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে দিয়েছে। ওরা দেখিয়েছে বাউন্সারে আর ওরা ভীত নয়। জুনের প্রথম সপ্তাহে ভালো স্পিন ধরেছে। আর কৌশলগত দিক থেকে দারুণ অধিনায়কত্ব। শুভ কামনা, প্রতিবেশি দেশ।’
বাংলাদেশ দলের ভূয়সী প্রশংসা করেছেন ভারতের টেস্ট ইতিহাসের অন্যতম সেরা ব্যাটসম্যান ভিভিএস লক্ষ্মণ। তিনি টুইটারে লিখেছেন, ‘কি দিনটাই না কাটালো বাংলাদেশ! ওয়ানডেতে নিজেদের ইতিহাসে সর্বোচ্চ স্কোর, সেটাও আবার ২০১৯ বিশ্বকাপে নিজেদের উদ্বোধনী ম্যাচেই। পুরোপুরি দারুণ এক কৌশলগত জয়। শেষের দিকে দক্ষিণ আফ্রিকার যখন আগুনে ব্যাটিং দরকার ছিল, তখনই তারা ছিটকে গেছে।’
হার্ষা ভোগলেকেও মুগ্ধ করতে পেরেছে এই দলটা। ভারতীয় এই ক্রিকেট বিশ্লেষক টুইট করে লিখেছেন, ‘খুবই মুগ্ধ করলো বাংলাদেশ। ব্যাটিংটাকে খুব শক্তিশালী মনে হয়েছে, সামনে থেকে কয়েকজনের নেতৃত্ব দেওয়ার ক্ষমতা আছে। তবে, আমার মনে হয় দক্ষিণ আফ্রিকার কয়েকটা জায়গায় মনোযোগ দেওয়া দরকার। ওদের বোলিংটা একদমই ফ্ল্যাট ছিল, মাঝের ওভারগুলোতে প্রভাব বিস্তার করতে পারে এমন ব্যাটসম্যানও দরকার।’
মোহাম্মদ কাইফও সুর মিলিয়ে লিখেছেন, ‘বাংলাদেশের দারুণ এক জয় দেখলাম। অলরাউন্ড ব্যাটিং প্রদর্শনীর সাথে বোলাররাও দারুণ করেছে। ওদের কারণেই দক্ষিণ আফ্রিকা হাত খুলে খেলতে পারেনি। দক্ষিণ আফ্রিকাকে আসলে অনেক কিছুই ঠিক করতে হবে। বিশেষ করে বোলিংয়ে অনেক বেশি ঘাম ঝরাতে হবে।’
ইংলিশ ক্রিকেটার রবি বোপারার মতে এখন পর্যন্ত এটাই বিশ্বকাপের সেরা ম্যাচ। তিনি লিখেছেন, ‘অবশেষে দেখার মত একটা ম্যাচ পাওয়া গেল বিশ্বকাপে। আর সেই ম্যাচটা লেখা হয়ে গেল বাংলাদেশের নামে।’
