মুক্তিযোদ্ধাদের জন্য প্রধানমন্ত্রীর ঈদ উপহার

আপডেট : ০৩ মে ২০২২, ১২:৩৬

মুসলমানদের বৃহত্তম ধর্মীয় উৎসব পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে দেশের সকল বীর মুক্তিযোদ্ধাদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার (৩ মে) রাজধানীর মোহাম্মদপুরস্থ গজনবী রোডে যুদ্ধাহত মুক্তিযোদ্ধা পুনর্বাসন কেন্দ্র (মুক্তিযোদ্ধা টাওয়ার-১) এ বসবাসরত যুদ্ধাহত মুক্তিযোদ্ধা, ও শহিদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের জন্য ফুল, ফলমূল ও মিষ্টি পাঠিয়েছেন তিনি।

এদিন সকালে প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব-২ গাজী হাফিজুর রহমান লিকু ও সহকারী প্রেস সচিব এবিএম সরওয়ার-ই-আলম সরকার প্রধানমন্ত্রীর পক্ষ থেকে এসব উপহার সামগ্রী পৌঁছে দেন।

প্রতিটি জাতীয় দিবস এবং উৎসবে যেমন স্বাধীনতা দিবস, বিজয় দিবস, পবিত্র ঈদ ও বাংলা নববর্ষের দিনে তাদের স্মরণ করায় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানান যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও শহিদ মুক্তিযোদ্ধাদের পরিবারের সদস্যরা। সেই সঙ্গে প্রধানমন্ত্রীর শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেন এবং তার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।

ইত্তেফাক/জেডএইচডি