পবিত্র ঈদুল ফিতরে জাকের পার্টির উদ্যোগে রাজধানী ঢাকাসহ সারাদেশে ২৭৫টি জামাত অনুষ্ঠিত হয়েছে। বিশ্ব ওলী হযরত মাওলানা শাহ্সূফী খাজা ফরিদপুরী ( র.) ছাহেবের স্মৃতিধন্য বনানী দরবার শরীফের সঙ্গে সারাদেশে এক যোগে সকাল সাড়ে ১০টায় সব ঈদ জামাত অনুষ্ঠিত হয়।
প্রতিটি জামাতের খুতবাপুর্ব আলোচনায় ইসলামের উদারনৈতিক মানবিক মূল্যবোধের আদর্শের বিকাশ ও সংরক্ষণ এবং বহু সাম্প্রদায়িক সম্প্রীতির অভূতপূর্ব সমন্বয়ে প্রকৃত সোনার বাংলাদেশ গড়ার অপরিহার্য্যতা তুলে ধরা হয়।
জাকের পার্টি চেয়ারম্যান মোস্তফা আমীর ফয়সল এবং সিনিয়র ভাইস চেয়ারম্যান ড. সায়েম আমীর ফয়সল বনানী দরবার শরীফে নামাজ আদায় করেন। নামাজ শেষে জাকের পার্টির প্রতিষ্ঠাতা বিশ্ব ওলী হযরত মাওলানা শাহ্সূফী খাজা ফরিদপুরী ( র.) ছাহেবের পবিত্র রওযা শরীফ জিয়ারত করা হয়।
এর আগে ২৭৫টি জামাতে নামাজ শেষে দেশ ও জাতির সুখ, শান্তি ও সমৃদ্ধি, মুসলিম উম্মাহর ঐক্য, সংহতি ও শান্তিকামী বিশ্ব মানবতার কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। জামাত শেষে ঐতিহ্য অনুযায়ী ২৭৫টি স্থানেই মুসল্লিদের আপ্যায়ন করা হয়।

সারাদেশে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল ফিতর