খুলনায় যুবককে খুনের অভিযোগে আটক ২

আপডেট : ০৪ মে ২০২২, ১৪:৫৯

খুলনায় চাচাতো ভাইয়ের ধারালো কোচের আঘাতে বাবলু শেখ (৪২) নামে এক যুবক নিহত হয়েছে। জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে বুধবার সকালে (০৪ মে) তেরখাদা উপজেলার আদমপুর গ্রামে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। রখাদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহুরুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন। 

নিহত বাবুল শেখ আদমপুর গ্রামের রাইজোল শেখের ছেলে।  

ওসি জহুরুল আলম জানান, জমি নিয়ে বাবলু শেখের সঙ্গে তার চাচাতো ভাই মুকুল শেখের বেশ কিছুদিন ধরে বিরোধ চলছিল। এর জেরে বুধবার সকাল ১০টার দিকে তাদের মধ্যে বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে মুকুল শেখ ধারালো কোচ (ঝুপি) দিয়ে  বাবলু শেখের মাথায় আঘাত করে। এ সময় তার আর্তচিৎকারে প্রতিবেশীরা এগিয়ে আসলে মুকুল শেখ পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ওসি বলেন, এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দুই জনকে আটক করা হয়েছে।

 

ইত্তেফাক/এআই