ভেজাল খাদ্য অভিযান শুধু রমজানেই

আপডেট : ০৩ জুন ২০১৯, ২১:৩৬

বর্তমান সময়ের সব থেকে আলোচিত বিষয় খাদ্যে ভেজাল। ভেজালমুক্ত খাবার সুস্থ থাকার জন্য জরুরি। তাই সরকারের বিভিন্ন কর্তৃপক্ষ (নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, বিএসটিআই, র্যাব ও পুলিশ) ভেজাল খাদ্য নিরসনে অভিযান চালান। তবু কিছুতেই যেন খাবারে ভেজাল দেওয়ার মানসিকতার পরিবর্তন হচ্ছে না। মাছ, মাংস, শাকসবজি, ফল থেকে শুরু করে পানি পর্যন্ত সকল কিছুতে ভেজালের ছড়াছড়ি। রমজানে ভেজাল খাদ্য অভিযান সব থেকে বেশি দেখা যায়। এত অভিযানের পরেও খাদ্যে ভেজাল পাওয়া যায়। রমজান শেষে এইসকল অভিযান পরিচালনা কর্তৃপক্ষকে আর তেমন দেখা যায় না। সুস্থ থাকা কি শুধু রমজানেই দরকার? সারা বছর ভেজাল খাবার খেয়ে রমজানে কি সুস্থ থাকা সম্ভব? ভেজাল খাদ্য নিয়ন্ত্রণে যে সকল কর্তৃপক্ষ কাজ করেন, তাঁদের আরো সক্রিয় হতে হবে এবং বাজার নিয়ন্ত্রণ করতে হবে। কমপক্ষে মাসে একবার হলেও অভিযান পরিচালনা করতে হবে এবং ভেজালের সঙ্গে কোনো আপস নেই। আর খাবারে ভেজাল দেওয়ার অপরাধে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড হতে হবে। কারণ বিভিন্ন গবেষণায় দেখা গেছে—ভেজাল খাবার খেয়ে উদ্ভুত রোগে প্রতি বছর বহুলোকের মৃত্যু ঘটে। ফলে এটা একটি হত্যাযোগ্য অপরাধ। তাই সরকারের খাদ্য বিষয়ক মন্ত্রণালয় উপরে উল্লিখিত বিষয়টি মূল্যায়ন করে অবিলম্বে যথাযথ পদক্ষেপ নেবে—এমনটাই প্রত্যাশা।

তানিউল করিম জীম

কৃষি প্রকৌশল ও কারিগরি অনুষদ,

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ ২২০২