ঈদুল ফিতর উদযাপনে প্রিয়জনদের সঙ্গে মিলিত হবে সবাই ছুটে চলেছে নিজ নিজ বাসগৃহে। প্রতি বছর দেখা যায়, ঈদের সময় বিভিন্ন চক্র, ছিনতাইকারী, পার্টির আবির্ভাব হয়। তাদের উদ্দেশ্যই হচ্ছে মানুষকে বিপদে ফেলে। বিশেষ করে মলম পার্টি। ঈদের সময় এদের প্রাদুর্ভাব বেশি হয়। খাবারের মধ্যে নেশা জাতীয় বা চেতনানাশক দ্রব্য মিশিয়ে মানুষকে অজ্ঞান করে টাকা-পয়সা, ফোন, প্রয়োজনীয় জিনিস হাতিয়ে নেয়। অনেক সময় রাস্তার পাশে ছিনতাইকারীরা ওত্ পেতে থাকে। এর সব চেয়ে বেশি শিকার হয় মেয়েরা। একলা হাঁটা অথবা রিকশায় যাওয়ার সময় আচমকা পেছেন থেকে এসে ফোন, ভ্যানিটি ব্যাগ ছিনিয়ে নিয়ে হাওয়া হয়ে যায়। অনেকে ট্রেনে ভ্রমণের সময় ট্রেন দাঁড়ানো অবস্থায় জানালার পাশে বসে ফোনে কথা বলে। এ সময় ছিনতাইকারী বা বখাটেরা জানালার পাশ থেকে ফোন ছিনিয়ে নেয়। জীবনের ঝুঁকি নিয়ে অনেকে বাস বা ট্রেনের ছাদে যাতায়াত করেন। তাই যাত্রাপথে সর্বোচ্চ সতর্ক থাকবেন যাতে কোনো দুর্ঘটনা না ঘটে। এছাড়াও অনেক চক্র আছে যারা জাল টিকেট বিক্রি করে, ভালো সিটের কথা বলে অনেক টাকা নেয় কিন্তু শেষে উঠিয়ে দেয় লক্কর-ঝক্কর গাড়িতে। এসব প্রতারণা থেকে সাবধান থাকতে হবে। যাত্রাপথে অপরিচিত কারো দেওয়া খাবার কিংবা পানি খাবেন না। সবার ঈদযাত্রা শুভ এবং আনন্দময় হোক।
রুবেল হাসান খান
শিক্ষার্থী, ঢাকা বিশ্ববিদ্যালয়
