জাতীয় ঈদগায় প্রবেশে হবে তিন দফা তল্লাশি

আপডেট : ০৩ জুন ২০১৯, ২১:৪৬

ঈদ জামাতের জন্য প্রস্তুত জাতীয় ঈদগাহ ময়দান ও জাতীয় মসজিদ বায়তুল মোকাররম। ঈদ জামাতের জন্য সব ধরনের আয়োজন সম্পন্ন করা হয়েছে অন্যান্য স্থানেও। রাজধানীর সকল ঈদের জামাতে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। জাতীয় ঈদগাহের জামাতে মুসল্লিরা শুধু জায়নামাজ, প্রয়োজনে ছাতা নিয়ে প্রবেশ করতে পারবেন। তাদের অন্য কিছু বহন না করার অনুরোধ জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া। এবার তিন দফা তল্লাশির পর জাতীয় ঈদগাহে প্রবেশ করানো হবে। গতকাল সকালে জাতীয় ঈদগাহ মাঠের  নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।

ডিএমপি কমিশনার বলেন, ঈদগাহ মাঠ স্ক্যানিং করা হয়েছে। আর্চওয়ে স্থাপন করা হয়েছে। পুরো এলাকায় সিসি ক্যামেরা বসানো হয়েছে। ঈদগাহে থাকা ডিএমপির কন্ট্রোল রুম থেকে সিসি ক্যামেরায় মনিটরিং করা হবে। ঈদগাহের চার পাশে চেকপোস্ট থাকবে।

কোনো ধরনের সন্দেহজনক কিছু দেখা গেলে কন্ট্রোল রুমে অথবা ৯৯৯ এ ফোন করে জানানোর জন্য অনুরোধ করেন ডিএমপি প্রধান।  তিনি বলেন, গত এক সপ্তাহ ধরে রাজধানীতে আমাদের ব্লক রেইড চলছে। এটা  চলবে। বাস, লঞ্চ টার্মিনাল ও ট্রেন স্টেশনে  পুলিশ কাজ করছে।

সম্প্রতি বিশ্বের বিভিন্ন জায়গায় জঙ্গি ও উগ্রবাদীদের হামলার ঘটনা ঘটছে, বাংলাদেশেও এমন হামলার আশঙ্কা রয়েছে কিনা জানতে চাইলে ডিএমপি কমিশনার বলেন, সুনির্দিষ্ট কোনো হামলার তথ্য নেই। তবে বৈশ্বিক প্রেক্ষাপটের কারণে আমাদেরও সতর্ক থাকতে হবে।

সম্প্রতি গুলিস্তান ও খিলগাঁওয়ে পুলিশের ওপর হামলার বিষয়ে এক প্রশ্নের জবাবে কমিশনার বলেন, গুলিস্তান ও খিলগাঁওয়ে পুলিশকে লক্ষ্য করে যে হামলা চালানো হয়েছে তা গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে। সংবাদ সম্মেলনে ডিএমপির কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের প্রধান মনিরুল ইসলাম, ডিএমপির যুগ্ম কমিশনার শেখ নাজমুল আলম, পুলিশের রমনা বিভাগের উপ-কমিশনার (ডিসি) মারুফ হোসেন সরদারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।