ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ শেষ হতেই ঈদের ছুটি। বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটেও ২০২১-২২ মৌসুম শেষ হয়ে গেছে। নতুন মৌসুম শুরু হবে সেপ্টেম্বর-অক্টোবরে। ফাঁকা সময়টা কাজে লাগাতে অতীতের মতো আবারও ইংল্যান্ডের মাইনর কাউন্টি ক্রিকেট খেলতে উড়াল দিয়েছেন মোহাম্মদ আশরাফুল।
সর্বকনিষ্ঠ টেস্ট সেঞ্চুরিয়ান এর আগেও তিন বার (২০০৬, ২০১২, ২০১৯) মাইনর কাউন্টিতে খেলেছেন। আজই (৬ মে) ইংল্যান্ডের উদ্দেশে দেশ ছেড়েছেন আশরাফুল। টুর্নামেন্টে তার ক্লাব লানিংটন পার্ক। ঘরোয়া ক্রিকেটে বিরতির সময়টা কাজে লাগানো এবং ক্রিকেটের সঙ্গে থাকার ইচ্ছাতেই ইংল্যান্ডে যাচ্ছেন আশরাফুল। এ সম্পর্কে তিনি বলেছেন, ‘যেহেতু সাড়ে চার মাসের খেলা। শনিবার ও রবিবার দুটি দিন খেলা হয়। ইতিমধ্যে ২টি ম্যাচ হয়ে গেছে ওদের। আমি ৬ তারিখ যাবো, ৭ তারিখ ওদের তৃতীয় ম্যাচ।’
শুধু আশরাফুলই নন। এবার মাইনর কাউন্টিতে খেলতে যাচ্ছে বাংলাদেশের আরও কয়েক জন ক্রিকেটার। তাদের মধ্যে আছেন ইমরুল কায়েসও। সদ্যই তার নেতৃত্বে ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগে চ্যাম্পিয়ন হয়েছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব।
আশরাফুল জানান, ‘এই প্রথম আমরা অনেকগুলো জাতীয় ক্রিকেটার একসঙ্গে থাকবো। ইমরুল কায়েস, জহুরুল ইসলাম অমি, ফরহাদ রেজা, আরাফাত সানি, সোহরাওয়ার্দী শুভ, এনামুল হক জুনিয়র।’ মূল কাউন্টির পরের স্তরই মাইনর কাউন্টি। একটা সময় যেখানে মিনহাজুল আবেদীন নান্নু, আমিনুল ইসলাম বুলবুলরা খেলেছেন। পরের প্রজন্মে আশরাফুল, এনামুল হক জুনিয়ররাই বেশি বার মাইনর কাউন্টিতে খেলেছেন।
