সামান্য বৃষ্টিতেই ডুবে যায় গৌরীপুর বাজার

আপডেট : ০৩ জুন ২০১৯, ২১:৫৩

সামান্য বৃষ্টিতেই কুমিল্লার গৌরীপুর বাজার ডুবে যায়। সোমবার সকালের বৃষ্টিতেও বাজারের একই অবস্থা। বাজারের ভেতরে পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা না থাকায়, অপরিকল্পিত ড্রেনগুলো ময়লা-আবর্জনায় ভর্তি থাকায় এবং বাজারের পার্শ্ববর্তী সরকারি খালগুলো স্থানীয় প্রভাবশালীদের দখলে চলে যাওয়ায় জলাবদ্ধতা হয়ে বাজারটি ডুবে গেছে।

বাজারের দোকানদাররা জানান, জলাবদ্ধতার সৃষ্টি হয়ে দোকানের ভেতর পানি প্রবেশ করায় তাদের মালামাল নষ্ট হয়েছে এবং ঈদের মৌসুমে বেচাকেনায় ব্যাঘাত ঘটে।

দাউদকান্দি উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজর (অবঃ) মোহাম্মদ আলী সুমন এবং দাউদকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহবুব আলম বলেন, বাজারটির নালানর্দমা মেরামতের ব্যাপারে পদক্ষেপ নেওয়া হয়েছে এবং অবৈধ দখলদারদের হাত থেকে খালগুলো উদ্ধারের ব্যাপারেও পদক্ষেপ নেওয়া হচ্ছে। বাজারের রাস্তাগুলো মেরামতের জন্য খুব সহসাই দরপত্র আহ্বান করা হবে। এ বাজারের সৌন্দর্য বর্ধন এবং এলাকাবাসীর বিনোদনের জন্য খুব সহসাই একটি পার্ক নির্মাণের কাজ শুরু হবে এবং ইতিমধ্যেই একটি দরপত্র আহ্বান করা হয়েছে বলে জানান তারা।