জামালপুরে সমাবেশ

নিরাপত্তা চেয়ে ৩১ সাংবাদিকের সাধারণ ডায়েরি

আপডেট : ০৩ জুন ২০১৯, ২১:৫৪

জামালপুরে সাংবাদিক মোস্তফা মনজুর উপর হামলাকারীদের গ্রেফতার ও জামালপুরসহ সারাদেশের সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে সোমবার দুপুরে জামালপুর প্রেসক্লাব মিলনায়তনে সাংবাদিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এদিকে গত শনিবার রাত সাড়ে ১০টায় জামালপুর সদর থানায় ৩১ জন (প্রিন্ট, ইলেকট্রনিক্স) সাংবাদিক উপস্থিত হয়ে জীবনের নিরাপত্তা চেয়ে সাধারণ ডায়েরি করেছেন। সাধারণ ডায়েরিতে উল্লেখ করা হয় গত ২৮ মে জেলার একজন সিনিয়র সাংবাদিক মোস্তফা মনজু পেশাগত দায়িত্ব পালনকালে স্ট্যাম্প ভেন্ডার ও পৌর কাউন্সিলর হাসানুজ্জামান খান রুনুর নেতৃত্বে একদল সন্ত্রাসী তার ওপর হামলা চালায়। ওইদিন রাতে জামালপুর সদর থানায় স্ট্যাম্প ভেন্ডার হাসানুজ্জামান খান রুনুসহ ৯ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়। মামলা দায়েরের প্রেক্ষিতে সাংবাদিকদের প্রাণনাশের হুমকি দেয় সন্ত্রাসীরা। এ কারণে গত ২ জুন জামালপুর প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক হাফিজ রায়হান এবং সাধারণ সম্পাদক সাংবাদিক লুত্ফর রহমানসহ ৩১ জন সাংবাদিক এবং তাদের পরিবারসহ জীবনে নিরাপত্তা চেয়ে জামালপুর সদর থানায় সাধারণ ডায়েরি করেছেন। বর্তমানে জামালপুরে সাংবাদিকদের পরিবার-পরিজন নিয়ে চরম আতঙ্কে দিন কাটাচ্ছেন।

জামালপুর প্রেসক্লাবের সভাপতি হাফিজ রায়হান (সাদা) বলেন, সন্ত্রাসীদের হুমকির কারণে সাংবাদিকরা পরিবার-পরিজন নিয়ে চরম নিরাপত্তাহীনতায় রয়েছে। তাই হুমকিদাতা হাসানুজ্জামানসহ তার পালিত সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালেমুজ্জামান জানান, জীবনের নিরাপত্তা চেয়ে ৩১ জন সাংবাদিক জিডি করেছেন। সাংবাদিকদের নিরাপত্তায় আইনগত সকল সাপোর্ট দেওয়া হবে। তদন্ত সাপেক্ষে হুমকিদাতাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।