ইউক্রেনের বন্দর নগরী ওডেসার কাছে একটি ছোট যুদ্ধজাহাজ রাতভর ক্ষেপণাস্ত্র হামলায় গুঁড়িয়ে দেওয়া হয়েছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এই দাবি করেছে। রবিবার (৮ মে) আল জাজিরার লাইভ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, বিমান প্রতিরক্ষা বাহিনী কৃষ্ণ সাগরে দুটি ইউক্রেনীয় সু-২৪ বোমারু বিমান এবং একটি হেলিকপ্টার ধ্বংস করেছে।
এতে আরও বলা হয়েছে, ৪টি যুদ্ধবিমান, ৪ টি হেলিকপ্টার এবং একটি আক্রমণকারী নৌকা গত ২৪ ঘণ্টায় ধ্বংস করা হয়েছে। তবে আল জাজিরার পক্ষ থেকে রাশিয়ার এই দাবির সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।
গত গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযানের ঘোষণা দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এরপর আজ পর্যন্ত টানা ৭৪ দিনের মতো চলছে দেশ দুইটির সংঘাত। এতে দুই পক্ষের বহু হতাহতের খবর পাওয়া যাচ্ছে। তবে যুদ্ধ বন্ধে এখন পর্যন্ত কোনো লক্ষণ নেই। উল্টো পুর্ব ইউক্রেনে দেশ দুইটির মধ্যে যুদ্ধের তীব্রতা বেড়েছে।
