ঢাকা-আরিচা মহাসড়কের উপজেলার নয়াডিঙ্গী বাসস্ট্যান্ড এলাকায় একটি চলন্ত এসি বাসে অগ্নিকাণ্ড ঘটেছে। গতকাল সোমবার ভোর ৬টার দিকে কে-লাইন পরিবহনের একটি এসি বাসে এ ঘটনা ঘটে। খবর পেয়ে মানিকগঞ্জ ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট একঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। এতে মহাসড়কের দুই পাশে যানজটের সৃষ্টি হয়।
বাসের হেলপার জানান, রবিবার রাত ১০টার দিকে ১০/১২ জন যাত্রী নিয়ে সাতক্ষীরা থেকে ঢাকার উদ্দেশে বাসটি ছেড়ে আসে। ভোরের দিকে যান্ত্রিক ত্রুটি ধরা পড়ে। এরপর বাসটির এসিতে আগুন লাগে। তাত্ক্ষণিক বাসের যাত্রীদের নামিয়ে দেওয়া হয়। পরে আগুন পুরো বাসে ছড়িয়ে পড়ে। মানিকগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা খন্দকার জান্নাতুল নাঈম জানান, বাসটির অধিকাংশই পুড়ে যায়। গোলড়া হাইওয়ে থানার ওসি লুত্ফর রহমান জানান, বাসে অগ্নিকাণ্ডের পর মহাসড়কে কিছু সময়ের জন্য যান চলাচল বিঘ্নিত হয়।
