পকেটমারকে ছেড়ে দেওয়ায় রেল পুলিশ ক্লোজড

আপডেট : ০৯ মে ২০২২, ১১:৩৯

বগুড়ার সান্তাহার রেলস্টেশনে আটক করার পর পকেটমারকে ছেড়ে দেওয়ার ঘটনায় রেলের এক পুলিশ সদস্যকে ক্লোজড করা হয়েছে। 

শুক্রবার (৬ মে) রাতে সান্তাহার জংশন ষ্টেশনের এ ঘটনার প্রেক্ষিতে পুলিশ সদস্যকে ক্লোজড করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন রেলওয়ে জিআরপি থানার ওসি সাকিউল আজম। ক্লোজড হওয়া পুলিশ সদস্যের নাম মোসলিম উদ্দিন। 

জানা যায়, নওগাঁর সদর উপজেলার দোগাছী গ্রামের বাসিন্দা রোকনুজ্জামান রুকু সরদার গত শুক্রবার রাতে তিনি তার বোনের মেয়েকে ঢাকাগামী নীলসাগর আন্তঃনগর এক্সপ্রেস ট্রেনে তুলে দেয়ার জন্য সান্তাহার জংশন ষ্টেশনে আসেন। ট্রেন ষ্টেশনে আসলে তার আত্মীয়কে ট্রেনে তুলে দেয়ার সময় এক পকেটমার তার পায়জামার পকেট থেকে টাকা ও ভাগ্নির হাত ব্যাগ থেকে অলঙ্কার নেয়ার চেষ্টা করে। এ সময় পকেটমারকে হাতেনাতে ধরে মোসলেম উদ্দীন নামের রেল পুলিশ সদস্যর কাছে সোপর্দ করা হয়। ট্রেন চলে যাওয়ার পর রোকনুজ্জামান রুকু সরদার জানতে পরেন আটক করা পকেটমারকে পুলিশ সদস্য মোসলেম উদ্দীন ছেড়ে দিয়েছেন।  বিষয়টি তিনি জিআরপি থানার ওসিকে জানালে গত ৮ মে শনিবার ঐ পুলিশ সদস্যকে ক্লোজ করে পাকশী পুলিশ লাইনে নিয়ে যায়।

এ ব্যাপারে সান্তাহার রেলওয়ে থানার ওসি সাকিউল আজম বলেন, পকেটমারকে আটক করে থানায় না নিয়ে এসে পথিমধ্যে ছেড়ে দেওয়ায় পুলিশ সদস্য মোসলিম উদ্দীনকে ক্লোজ করে পাকশী পুলিশ হেড কোয়ার্টারে নেওয়া হয়েছে।

ইত্তেফাক/এমএএম