নাটোরের বড়াইগ্রামে ঈদের মাঠ সাজানোর টাকা তোলাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হাতুড়ি পেটায় সোহেল রানা (২৮) নামে এক ছাত্রলীগ নেতা নিহত হয়েছে। রবিবার ইফতারের আগ মুহূর্তে ঘটনাটি ঘটে। নিহত সোহেল জেলা ছাত্রলীগের সদস্য ও মহিষভাঙ্গা গ্রামের খলিলুর রহমান প্রামাণিকের একমাত্র ছেলে।
জানা যায়, রবিবার সকালে বনপাড়া পৌরসভার মহিষভাঙ্গা মহল্লায় ঈদগাহ মাঠ সাজানোর মাত্র একশ টাকা চাঁদা তোলাকে কেন্দ্র করে ছাত্রলীগ নেতা সোহেলের সঙ্গে একই গ্রামের আহাম্মদ আলীর ছেলে রাজিব হোসেনের বিতর্ক ও ধাক্কা-ধাক্কির ঘটনা ঘটে। সন্ধ্যা ৬টার দিকে সোহেল বনপাড়া রশিদ ডিলারের মোড়ে বাপ্পী মাল্টিমিডিয়া সেন্টারের সামনে বসে থাকাকালে রাজীবের নেতৃত্বে তার ভাই রাজু, সাগর, সজীব, নয়ন ও হূদয়সহ ৫-৬ জন যুবক তার ওপর হামলা চালায়। এ সময় তারা পাশের একটি ওয়ার্কশপ থেকে হাতুড়ি নিয়ে এলোপাতাড়ি পিটিয়ে সোহেলকে রক্তাক্ত জখম করে। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় ক্লিনিক এবং পরে অবস্থার অবনতি হলে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে রাত ৮টার দিকে সোহেল মারা যায়।
বড়াইগ্রাম থানার ওসি দিলীপ কুমার দাস জানান, এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। একই সঙ্গে আসামিদের আটকের চেষ্টা চলছে।
