দেশের সর্ববৃহত্ ঈদুল ফিতরের নামাজের জন্য জেলা শহরের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহের প্রস্তুতি সম্পন্ন। এবছর এই ঈদগাহে ঈদুল ফিতরের ১৯২তম জামাত অনুষ্ঠিত হবে। ২০১৬ সালে ঈদুল ফিতরের নামাজ শুরুর পৌনে এক ঘন্টা আগে শোলাকিয়া ঈদগাহের বাইরে জঙ্গি হামলা এবং সাম্প্রতিককালে নিউজিল্যান্ড ও শ্রীলঙ্কায় জঙ্গি হামলার ঘটনাকে মাথায় রেখে এবছরও গ্রহণ করা হয়েছে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা। এবছর আগে থেকেই ঈদগাহ ও এর আশেপাশের এলাকাকে নিরাপত্তার চাদরে ঢেকে দেওয়া হয়েছে। শোলাকিয়া ঈদগাহের চারপাশের বাড়িঘর, মেস ও শহরের হোটেলগুলো পুলিশের কড়া নজরদারির মধ্যে আনা হয়েছে। ঈদের তিনদিন আগে থেকে মাঠে অস্থায়ী ক্যাম্প স্থাপন করে পুলিশ অবস্থান নিয়েছে। ঈদের দিন ঈদগাহসহ পুরো এলাকাকে ১০টি সেক্টরে ভাগ করে চার স্তরে নিরাপত্তা প্রদানের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এবছরও ঈদুল ফিতরের জামাতের নিরাপত্তায় যুক্ত হচ্ছে ড্রোন। ড্রোন ক্যামেরার মাধ্যমে ঈদগাহ ও এর আশেপাশের এলাকা নিবিড় পর্যবেক্ষণের আওতায় আনা হবে।
ইতিমধ্যে মাঠের মধ্যে কাতারের জন্য লাইন টানা, মিম্বর এবং দেয়ালে চুনকামের কাজও শেষ হয়েছে। মাঠের আগাছা সাফ এবং মাঠের মধ্যে ছোট ছোট গর্তে জমে থাকা পানি অপসারণের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মাঝে মাঝে হাল্কা বর্ষণে মাঠের প্রস্তুতির কাজ কিছুটা ব্যাহত হয়েছে। স্থায়ী ওজুখানা ছাড়াও মুসল্লিদের জন্য সংলগ্ন পুকুরগুলোর ওপর মাচা বেঁধে অস্থায়ী ওজুখানার বন্দোবস্ত করা হয়েছে। জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগ মাঠের চারিদিক জুড়ে অস্থায়ী নলকূপ স্থাপনের উদ্যোগ গ্রহণ করেছে।
জেলা প্রশাসক ও ঈদগা পরিচালনা কমিটির সভাপতি মো. সারওয়ার মুর্শেদ চৌধুরী জানান, ঈদ জামাতের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। তিনদিন আগে থেকে জেলা শহরের দুটি আবাসিক হোটেল ব্যতীত সকল আবাসিক হোটেল বন্ধ থাকবে। দূর-দূরান্ত থেকে আগত মুসল্লিদের থাকার ব্যবস্থা এবং তাদের ইফতার ও সেহরির ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। জেলা প্রশাসক মুসল্লিদের একমাত্র জায়নামাজ ব্যতীত অন্য কোনো জিনিস সঙ্গে বহন না করার জন্য অনুরোধ জানিয়েছেন। নিরাপত্তার খাতিরে মুসল্লিদের দেহ তল্লাশির বিষয়টিও স্বাভাবিকভাবে গ্রহণ করার জন্য অনুরোধ জানিয়েছেন তিনি।
মুসল্লিদের আসা-যাওয়ার সুবিধার্থে ঈদের দিন বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ ‘শোলাকিয়া স্পেশাল’ নামে দুটি বিশেষ ট্রেনের ব্যবস্থা গ্রহণ করেছে। একটি ট্রেন ময়মনসিংহ থেকে ভোর ৫-৪৫ মিনিটে ছেড়ে যাবে এবং কিশোরগঞ্জ এসে পৌঁছবে ৮টা ৩০ মিনিটে। অপর ট্রেনটি ভৈরব থেকে ছেড়ে আসবে ভোর ৬টায় এবং কিশোরগঞ্জ এসে পৌঁছবে সকাল ৮টায়। নামাজ শেষে উভয় ট্রেন স্ব স্ব গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে যাবে বেলা ১২টায়। বেসরকারি টিভি চ্যানেল চ্যানেল আই প্রতি বছরের ন্যায় সকাল পৌনে দশটা থেকে ঈদ জামাতের অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করবে।
শোলাকিয়া ঈদগাহে ঈদের জামাত শুরু হবে সকাল ১০টায়। রেওয়াজ অনুযায়ী ঈদগাহে উপস্থিত মুসল্লিদের প্রস্তুতি গ্রহণের জন্য সতর্ক সংকেত হিসেবে পাঁচ মিনিট পূর্বে তিনটি, তিন মিনিট আগে দুইটি ও এক মিনিট আগে একটি বন্দুকের গুলি ছোড়া হবে। জামাতে ইমামতি ও খুতবা পাঠ করবেন বাংলাদেশ ইসলাহুল মুসলেমিন পরিষদের চেয়ারম্যান ও বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশনের সাবেক পরিচালক, বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ মাওলানা ফরীদ উদ্দীন মাসউদ। বিকল্প ইমাম হিসেবে নির্ধারিত করে রাখা হয়েছে জেলা শহরের বড়বাজার জামে মসজিদের ইমাম মাওলানা মো. সোয়াইব ও মারকাস মসজিদের ইমাম মাওলানা হিফজুর রহমানকে।
