এবার ঈদের আগে শতভাগ গার্মেন্টসে বেতন-ভাতা পরিশোধ

আপডেট : ০৩ জুন ২০১৯, ২৩:০৪

এবারে ঈদের আগে গতকাল নাগাদ শতভাগ গার্মেন্টস কারখানায় বেতন-বোনাস পরিশোধ করা হয়েছে বলে দাবি করেছে পোশাক শিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ। সংগঠনের সভাপতি রুবানা হক ইত্তেফাককে বলেন, অতীতের যে কোনো সময়ের চেয়ে এবার শান্তিপূর্ণভাবে এ খাতের শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ করা হয়েছে।

শিল্পাঞ্চল পুলিশ সূত্র জানিয়েছে, গতকাল গার্মেন্টস শিল্প অধ্যুষিত এলাকায় শান্তিপূর্ণভাবেই বেতন-বোনাস পরিশোধ করা হয়। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। শিল্পাঞ্চল পুলিশের মহাপরিচালক আব্দুস সালাম ইত্তেফাককে বলেন, বিকাল ৪টা নাগাদ ৯০ শতাংশের উপরে কারখানায় বেতন-বোনাস পরিশোধ করা হয়। বাদবাকি কারখানায়ও পরিশোধ হবে। কোথাও কোনো সমস্যা কিংবা অসন্তোষ নেই। শিল্পাঞ্চলে গার্মেন্টসের বাইরে কেবল একটি স্টিল কারখানায় সমস্যা রয়েছে। সেটিও শিগগিরই সমাধান হবে।

জাতীয় গার্মেন্টস শ্রমিক কর্মচারী লীগের সভাপতি সিরাজুল ইসলাম রনি ইত্তেফাককে বলেন, বেতন-বোনাস নিয়ে অসন্তোষের খবর আমাদের কাছে নেই। এবার অতীতের যে কোনো সময়ের চাইতে শান্তিপূর্ণভাবে এ কার্যক্রম সম্পন্ন হয়েছে। এজন্য বিজিএমইএ ও শিল্পাঞ্চল পুলিশের কার্যক্রমের প্রশংসা করেন তিনি। অবশ্য শ্রম মন্ত্রণালয় ও কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর কার্যকর ভূমিকা পালন করতে পারেনি বলে অভিযোগ তার। 

অন্যদিকে শ্রমিক নেত্রী ও গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সাধারণ সম্পাদক জলি তালুকদার বলেন, কিছু গার্মেন্টসে সন্ধ্যার পর বেতন দেবে বলে জানিয়েছে। এতে শেষ সময়ে এসে পাওনা পরিশোধ না করার আশঙ্কা রয়েছে।

উল্লেখ্য, এবার ৩০ মের মধ্যে ঈদ বোনাস ও ২ জুনের মধ্যে মে মাসের বেতন পরিশোধের নির্দেশনা ছিল শ্রম মন্ত্রণালয়ের। অবশ্য ওই সময়সীমার মধ্যে বড় অংশই বেতন-বোনাস পরিশোধ করতে পারেনি।