সোনারগাঁওয়ে পরিবহনে চাঁদাবাজি চক্রের ১৯ জন আটক, লাখ টাকা জব্দ

আপডেট : ০৩ জুন ২০১৯, ২৩:০৫

ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কের নারায়ণগঞ্জের সোনারগাঁওসহ বিভিন্ন পয়েন্টে পরিবহনে চাঁদাবাজি এবং যাত্রী হয়রানির অভিযোগে র্যাব সদস্যরা চাঁদাবাজ চক্রের ১৯ জনকে আটক করেছে। সোমবার ভোর থেকে দুপুর একটা পর্যন্ত সোনারগাঁও থানার কাঁচপুর, মদনপুর এবং সিদ্ধিরগঞ্জ থানার শিমরাইল এলাকায় মহাসড়কে চাঁদাবাজির সময় হাতেনাতে তাদের আটক করা হয়। এসময় র্যাব তাদের কাছ থেকে চাঁদাবাজির এক লাখ ছয় হাজার টাকা জব্দ করে। পরে  সোনারগাঁওয়ে কাঁচপুর এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কের পাশে প্রেস ব্রিফিংয়ে র্যাবের অতিরিক্ত পুলিশ সুপার মো. আলেপ উদ্দিন গণমাধ্যমকে এসব তথ্য জানান।

আটকদের নাম মোশারফ, শামীম, রাব্বী ওরফে বাবর, খোরশেদ আলম ইমন, কাজী এরশাদুজ্জামান, আবদুল কাদের সুমন, জাহাঙ্গীর আলম, আলমগীর হোসেন, আবদুস সালাম, জিয়াউর রহমান, মাহফুজুর রহমান, মহসিন মিয়া, মনসুর আলী, আরশাদ মোল্লা, জহুর আকন্দ, ওমর ফারুক, হুমায়ুন কবীর, হাসান কাউছার এবং মনিরুল ইসলাম।

প্রেস ব্রিফিংয়ে মো. আলেপ উদ্দিন জানান, আটকদের জিজ্ঞাসাবাদ করে পরিবহন চাঁদাবাজ চক্রের নেপথ্যে যারা রয়েছে তাদের সম্পর্কে তথ্য সংগ্রহ করা হয়েছে। এই চক্রের নেপথ্যের গডফাদাররা যতই প্রভাবশালী হোক তাদের কাউকেই র্যাব ছাড় দেবে না। আটকদের বিরুদ্ধে সোনারগাঁও থানায় মামলার প্রস্তুতি চলছে। তিনি বলেন, ঈদুল ফিতরকে সামনে রেখে সন্ত্রাস, চাঁদাবাজি, অজ্ঞান পার্টি ও মলম পার্টির তত্পরতাসহ সব ধরনের অপরাধ দমনে রমজান মাসের শুরু থেকেই র্যাব তত্পর রয়েছে।