বেশিরভাগ জনগোষ্ঠীর মনে ঈদের আনন্দ নেই :রিজভী

আপডেট : ০৩ জুন ২০১৯, ২৩:০৯

বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের দাবি করেছেন, ‘ইতিহাসের সবচেয়ে স্বস্তিদায়ক ঈদ হবে এবার’। সেকথা সত্য , তবে এই স্বস্তি সাধারণ জনগনের জন্য নয়, মিডনাইট ভোটে ক্ষমতায় আসা আওয়ামী লীগ নেতাকর্মীদের জন্য। চরম কষ্টে আছে জনগণ। বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বেদনাদায়ক ঈদ হবে এবার। কারণ দেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী বেগম খালেদা জিয়াকে অবৈধভাবে কারাবন্দী রাখা হয়েছে। গণতন্ত্রহীন দেশে অশান্তি, প্রতিহিংসা, হানাহানি ও বিচারহীনতার রাজত্ব কায়েম রাখা হয়েছে। তাই বেশিরভাগ জনগোষ্ঠীর মধ্যে ঈদের আনন্দ নেই। গতকাল সোমবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। সংবাদ সম্মেলনে দলের চেয়ারপারসনের উপদেষ্টা অধ্যাপক সুকোমল বড়ুয়া, নাজমুল হক নান্নু, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ প্রমুখ উপস্থিত ছিলেন।