ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা পদে ফের অজিত দোভালকে নিয়োগ দেওয়া হয়েছে। জানা গেছে, পাকিস্তানে সার্জিক্যাল স্ট্রাইক ও বালাকোটে বিমান বাহিনীর অভিযান ঘিরে জাতীয়তাবাদের হাওয়া তুলে ফের বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় ফিরেছে বিজেপি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সরকারের এই দুই বড় সাফল্যের নেপথ্যে কারিগর ছিলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল। এই সাফল্যের পুরস্কার হিসেবে কেবল আরো ৫ বছর স্বপদে পুনর্বহাল নয়, পদমর্যাদাও বাড়িয়ে দিয়েছে মোদি সরকার।
২০১৪ সালে এনডিএ ক্ষমতায় আসার পর অজিত দোভাল পাঁচ বছর দক্ষতার সঙ্গে সামলেছেন জাতীয় নিরাপত্তার দায়িত্ব। তাই ৭২ বছরের দোভালকে পূর্ণ মন্ত্রীর মর্যাদা দিয়ে নিয়োগ দেওয়া হয়েছে। মোদির প্রথমবারের প্রধানমন্ত্রিত্বের পাঁচ বছরে তার পদমর্যাদা ছিল কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর সমান। ২০১৬ সালে উরিতে জঙ্গি হানার পর তার নেতৃত্বেই সার্জিক্যাল স্ট্রাইক হয়েছিল। সেই সময় মোদি সরকারের পক্ষে ব্যাপক জনপ্রিয়তা এনে দিয়েছিলেন। এরপর ২০১৭ সালে ডোকলামে ভারত-চীনের মধ্যে যুদ্ধাবস্থা তৈরি হয়েছিল। সেই সময় মূলত দোভালের হস্তক্ষেপেই পরিস্থিতি শান্ত হয়। চলতি বছরের ১৪ ফেব্রুয়ারি কাশ্মিরের পুলওয়ামায় জঙ্গি হামলার পর ২৬ ফেব্রুয়ারি পাকিস্তানের বালাকোটে ঢুকে জয়শ-ই-মোহাম্মদের জঙ্গি ঘাঁটিতে বোমা ফেলে এসেছিল ভারতীয় বিমান বাহিনী। সেই অভিযানের পরিকল্পনা এবং বাস্তবায়নেও দোভালের ভূমিকা ছিল সর্বাগ্রে। -আনন্দবাজার পত্রিকা
