নওগাঁর বদলগাছীতে শ্রমিক সংকট এবং বৃষ্টির কারণে ধান চাষিরা মহা বিপাকে পড়েছেন। উপজেলার ৮টি ইউনিয়নের বিভিন্ন মাঠ ঘুরে দেখা যায়, কৃষকদের এই করুণ দৃশ্য।
কৃষকরা জানান, বোরো ধান যখন ফুলে বের হয়েছে, তখনই কালবৈশাখী ঝড়ে গাছ নুয়ে মাটিতে পড়ে ব্যাপক ক্ষতি হয়েছে। চাষিদের খরচের টাকাও উঠবে না। তা-ছাড়া, শ্রমিক সংকটের কারণে ধান কাটা যাচ্ছে না। পচে আবার বীজতলা হয়ে যাচ্ছে। জমিতে বৃষ্টির পানি জমে থাকায় শ্রমিকেরা ধান কেটে দিতে চাচ্ছেন না। ফলে হতাশাগ্রস্ত হয়ে পড়েছেন কৃষকেরা।
তারা বলেন, আমাদের বোরো ধান চাষিদের এবার যা অবস্থা, বিক্রি করা তো দূরের কথা, বাড়ির খোরাকের চালও হবে না।
উপজেলার আধাইপুর ইউনিয়নের সাদিশপুর গ্রামের কৃষক আব্দুস সোবহান, বেলাল হোসেন, শরিফুল ইসলামসহ অনেকে বলেন, ‘শ্রমিক সংকট তো আছেই। যে দু’একজন শ্রমিক পাওয়া যাচ্ছে, ৮-৯’শ টাকা মজুরি। জমিতে পানি থাকার কারণে তারাও কাজ করতে চায় না। অনেকে আবার ধান কেটে ভাগাভাগি করে দিতে চান, তবুও শ্রমিক মিলছে না।’
উপজেলার চাংলা গ্রামের কৃষক আব্দুস সোবহান এবং পলাশ বলেন, ‘শ্রমিক না পেয়ে নিজেরাই যতটুকু পারছি মাঠ থেকে ধান নিয়ে আসার চেষ্টা করছি।’
উপজেলা কৃষি অফিসার হাসান আলী বলেন, ‘বদলগাছী উপজেলায় এবার ১১ হাজার ৭০০ হেক্টর জমিতে বোরো ধানের আবাদ হয়েছে। ফলনও ভালো ছিল। কালবৈশাখী ঝড়ে কিছুটা ক্ষতি হয়েছে আর বড় সমস্যা হলো শ্রমিক সংকটের কারণে কৃষকদের খরচ বাড়ছে ও ভোগান্তির মধ্যে পড়তে হচ্ছে।’
তিনি আরও বলেন, ‘আমরা মেশিন দিয়ে কম খরচেই ধান কাটা-মাড়াই করতে সহযোগিতা করে আসছি। আশা করছি আগামী ১০ দিনের মধ্যে ধান কাটা-মাড়াই শেষ করতে পারবেন কৃষকরা।’
