দৈনিক ইত্তেফাক-এর কর্মচারী ইউনিয়নের সাবেক সভাপতি কাজী বজলুর রহমান ও অন্যান্য সহকর্মীর মৃত্যুতে গতকাল বৃহস্পতিবার দোয়া ও আলোচনা সভার আয়োজন করে দৈনিক ইত্তেফাক সাংবাদিক-শ্রমিক-কর্মচারী স্টিয়ারিং কমিটি। সভায় বক্তারা বলেন, কাজী বজলুর রহমান দৈনিক ইত্তেফাকে দীর্ঘ ৪৩ বছর সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করেছেন। শ্রমিক কল্যাণে তিনি নিরলসভাবে দায়িত্ব পালন করেছেন, নেতৃত্ব দিয়েছেন। তিনি অন্যায়ের সঙ্গে কখনোই আপস করেননি। পরে ইত্তেফাকের প্রতিষ্ঠাতা সম্পাদক তফাজ্জল হোসেন মানিক মিয়া, তার সহধর্মিণী, দুই কন্যা ও কাজী বজলুর রহমানসহ এ যাবত্ যেসব সহকর্মী মারা গেছেন তাদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া করা হয়।
গতকাল বৃহস্পতিবার বাদ জোহর কাওরান বাজারস্থ ইত্তেফাক কার্যালয়ের বার্তা কক্ষে আয়োজিত দোয়া ও আলোচনা সভায় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইত্তেফাক-এর কার্যনির্বাহী পরিচালক মহিবুল আহসান শাওন। এতে সভাপতিত্ব করেন ইত্তেফাক সাংবাদিক-শ্রমিক-কর্মচারী স্টিয়ারিং কমিটির সভাপতি, ঢাকা সাংবাদিক ইউনিয়নের ইত্তেফাক ইউনিট প্রধান ও সিটি এডিটর আবুল খায়ের। সভায় বক্তব্য রাখেন বার্তা সম্পাদক মলয় পাঁড়ে, সহকারী সম্পাদক মিনার মনসুর, বার্তা বিভাগের মোহাম্মদ আল-মামুন, জাকিরুল ইসলাম, মফস্বল বিভাগের গাজী আব্দুল হাদী, বিজ্ঞাপন ম্যানেজার মো: আমিনুল ইসলাম, মো: আব্দুল মালেক মিয়াজী, সার্কুলেশন বিভাগের মো: আনিসুর রহমান, এন.এন.পি.পি ওয়ার্কার্স ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক গোলাম সরওয়ার আজাদ, কহিনূর বেগম, ঢাকা সাংবাদিক ইউনিয়ন ইত্তেফাক ইউনিটের উপ-প্রধান মোহাম্মদ শাহযাদা, ইত্তেফাক কর্মচারী ইউনিয়নের সভাপতি গোলাম আকতার, সাধারণ সম্পাদক মো: আবু জাফর, ইত্তেফাক এন.এন.পি.পি ওয়ার্কার্স ইউনিয়নের সভাপতি আলমগীর হোসেন খান, সাধারণ সম্পাদক মো. তাজাম্মেল হক, সহ-সভাপতি আবু কাউসার, সহ-সম্পাদক মোশাররফ হোসেন সিকদার ও আবুল হোসেন হাওলাদার প্রমুখ।
মাহফিলে দোয়া পরিচালনা করেন কাজলার পাড় ইত্তেফাক প্রেসের বায়তুল জান্নাত জামে মসজিদের ইমাম মাওলানা মোহাম্মদ হাবিবুর রহমান। তার সহযোগী ছিলেন মোহাম্মদ আসলাম। গত ১৬ নভেম্বর বরিশালের ভাণ্ডারিয়ার উত্তর পইকখালি গ্রামে নিজ বাসভবনে ইন্তেকাল করেন কাজী বজলুর রহমান।
