পারমাণবিক হুমকিতে বৈশ্বিক নিরাপত্তা: চার্লস মিশেল

আপডেট : ১৪ মে ২০২২, ০৭:০০

ইউরোপিয়ান কাউন্সিলের প্রেসিডেন্ট চার্লস মিশেল বলেছেন, পারমাণবিক হুমকিতে এখন বৈশ্বিক নিরাপত্তা। আমরা এ অবস্থার মধ্যেই বর্তমানে অবস্থান করছি। পারমাণবিক বোমা হামলার শিকার জাপানের হিরোশিমায় সফরে গিয়ে তিনি এ কথা বলেন। ইউক্রেনে রুশ হামলা এবং সম্প্রতি উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষার কারণেই এমন শঙ্কার কথা প্রকাশ করলেন তিনি।

ইউরোপিয়ান কাউন্সিলের প্রেসিডেন্ট মিশেল বলেন, ‘আমরা যখন এখানে কথা বলছি তখন বৈশ্বিক নিরাপত্তা এক ভয়াবহ হুমকির মুখে। বড় রাষ্ট্র ছোট রাষ্ট্রের ওপর কর্তৃত্ববাদী আচরণ আগের চেয়ে আরো বাড়িয়ে দিয়েছে। তারা এখন আরো বেশি আগ্রাসি হয়ে উঠেছে। 

ইউক্রেনের উদাহরণ টেনে ধরে তিনি বলেন, পারমাণবিক শক্তিধর রাশিয়া ইউক্রেনের ওপর হামলা চালিয়ে তেমন আচরণের বহিঃপ্রকাশ করেছে। আমরা এ ধরনের ঘৃণ্য হামলার প্রতিবাদ না জানিয়ে পারছি না। শুধু তাই নয়, দেশটি এখন লজ্জাজনক এবং অগ্রহণযোগ্যভাবে পারমাণবিক অস্ত্র ব্যবহারের কথা বলে যাচ্ছে। ইউক্রেনে রাশিয়ার হামলার পর থেকেই এ ধরনের আশঙ্কার কথা বলে আসছে বিভিন্ন দেশ। 

তিনি বলেন, বর্তমান বাস্তবতায় আমরাও সে ধরনের আশঙ্কাকে উড়িয়ে দিতে পারি না। কারণ রাশিয়া এখন ক্রমেই ভয়ংকর হয়ে উঠছে। 

ইত্তেফাক/এএইচপি