খালিয়াজুরীতে শিশুকে কুপিয়ে হত্যা

আপডেট : ১৫ মে ২০২২, ১৪:৪৬

নেত্রকোনার খালিয়াজুরীতে সাহেদা আক্তার নামে চার বছর বয়সি এক শিশুকে কুপিয়ে হত্যা করা হয়েছে বলে জানা গেছে।

রবিবার (১৫ মে) সকালে খালিয়াজুরীর কৃষ্ণপুর ইউনিয়নের কুতুবপুর গ্রামে এ ঘটনা ঘটে। সাহেদা ওই গ্রামের মো. দিলু মিয়ার মেয়ে।

স্থানীয়দের বরাতে খালিয়াজুরী থানার ওসি মো. মুজিবুর রহমান জানান, সকালে শিশুটি ঘরে ঘুমিয়ে রেখে মা-বাবা বাইরে কাজে গিয়েছিলেন। পরে সকাল ৬টার দিকে স্থানীয়রা প্রতিবেশীর বাড়ির সামনে শিশুটির ক্ষতবিক্ষত মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশ খবর দেয়। পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে।

ওসি আরও বলেন, ‘শিশুটির সারা শরীরে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। তাকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করা হয়েছে। তবে কে বা কারা শিশুটিকে হত্যা করেছে সে সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি।’

 

ইত্তেফাক/এমআর