দিনের একটি বড় অংশজুড়ে এক জায়গায় বসে কাজ করে থাকেন অনেকে। বিশেষ করে করপোরেট অফিসগুলোতে সকাল থেকে রাত পর্যন্ত এ ভাবেই চলে। কাজের ব্যস্ততা শেষে দীর্ঘ জ্যাম ঠেলে বাড়ি ফেরার পর শরীরচর্চার জন্য সময় করে ওঠতে পারেন না। এর ফলে ক্ষতিকর প্রভাব পড়ে শরীরের উপর। উচ্চ রক্তচাপের সমস্যা, ডায়াবেটিস, স্থূলতা, হার্টের সমস্যা দেখা দিতে পারে। কিন্তু দিনভর বসে কাজ করলেও নিজেকে সচল রাখতে পারেন তিন সহজ উপায়ে।
- কাজের মাঝে অফিসের ভেতরেই মিনিট তিনেকের জন্য হেঁটে দেখুন। দিনে অন্তত পাঁচ বার এমন হাঁটার বিরতি নিন। এতে বেশি সময় লাগে না। সারা দিনে পনেরো মিনিট। তাও আবার ভাগে ভাগে। ফলে কর্মক্ষেত্রে কাজের অসুবিধা হয় না।
- কাজের মাঝে একটু স্ট্রেচ করুন। তার জন্য জিমে যেতে হবে না। অফিসে নিজের আলাদা বসার জায়গা না থাকলে মিনিট পাঁচেকের জন্য ছাদ বা বারান্দা বা ওয়াশরুমে চলে যান। কিছুক্ষণের জন্য স্ট্রেচ করুন। তাতে রক্ত চলাচল বাড়বে।
- হার্টের যত্ন নিতে পারে কিছু বিশেষ ধরনের খাবার। তেলযুক্ত কিছু মাছ খান। তাতে ওমেগা-থ্রি ফ্যাটি অ্যাসিড যাবে শরীরে। আর তার ফলে হৃদযন্ত্র ভালো থাকে, প্রদাহ কমে। পাশাপাশি, নানা ধরনের লেবু খাওয়া যেতে পারে। তাতে অ্যান্টি অক্সিড্যান্ট এবং নাইট্রিক অক্সাইড পাবে শরীর, প্রদাহ কমবে। আর নিজেকে ভালোবাসুন। কাজের চাপ বা ক্লান্তিতে বিষণ্ন হয়ে যাবেন না। মন ভালো রাখতে যা করতে ইচ্ছে করে, তাই করার চেষ্টা করুন। জীবনে সবকিছুতে ভারসাম্য রাখাবেন। প্রিয়জনকে সময় দিন, নিজেকে সময় দিন। তাহলেই থাকবেন সতেজ ও প্রাণবন্ত।
