ভোলা-চরফ্যাশন সড়কে ব্রিজ ভেঙে যান চলাচল বন্ধ

আপডেট : ১৭ মে ২০২২, ১৪:২৩

তীব্র পানির স্রোতে ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কের লালমোহনের ডাওরী বাজারের নির্মাণাধীন ব্রিজের বিকল্প বেইলি ব্রিজ ভেঙে যাওয়ায় ভোলা-চরফ্যাশন আন্তঃজেলা মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে। এসময় মালামালসহ ব্রিজের উপরে থাকা একটি ট্রাক খালে পড়ে যায় তবে কোন হতাহত না হলেও ভোলা-চরফ্যাশন রুটের সকল ধরণের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।

মঙ্গলবার (১৭ মে) সকাল সাড়ে ১০ টায় লালমোহন উপজেলার ডাওরী বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, ভোলা থেকে ছেড়ে আসা একটি পাথর বোঝাই ট্রাক সকাল সাড়ে ১০ টার দিকে ডাওরী বাজার বিকল্প বেইলি ব্রিজ অতিক্রম করতে ব্রিজে ওঠে। এসময় এ সময় পানির তীব্র স্রোত থাকায় ব্রিজটি মাঝখান দিয়ে ভেঙ্গে আরও যানবাহনসহ খালে পড়ে যায়। খবর পেয়ে লালমোহন থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে ছুটে যান। তারা ভেঙ্গে পরা ব্রিজে থাকা যানবাহন ও যাত্রীদের উদ্ধার করেন। যাত্রীরা রয়েছে চরম দুর্ভোগের মধ্যে।

লালমোহন থানার অফিসার ইনচার্জ (ওসি) মাকসুদুর রহমান মুরাদ জানান, ব্রিজ ভেঙ্গে ট্রাকসহ খালে পড়েছে। এতে কারো কোন ক্ষয়ক্ষতি হয়নি। তবে সকল যান চলাচল বন্ধ হয়ে গেছে। আমরা সড়ক বিভাগের কর্তৃপক্ষকে বিষয়টি জানিয়েছি। তারা অতিদ্রুত এর সমাধান করবেন বলে আশ্বস্ত করেছেন।

ভোলা সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. নাজমুল ইসলাম জানান, এই সড়কে অবৈধ নসিমন ও অটো রিকশা বেড়ে গেছে আজকে ঐ ব্রিজে ট্রাক উঠলে সামনে অটো রিকশা থাকায় ট্রাক ব্রেক করলে এ দুর্ঘটনা ঘটে। তারা এখন ট্রাকটি তোলার চেষ্টা করছেন। ট্রাক তোলার পর জোয়ার কমলে পুনরায় বেইলি ব্রিজটি নির্মাণ করা হলে আগামী দিনের মধ্যে যান চলাচল স্বাভাবিক হবে। 

ইত্তেফাক/এমএএম