অবশেষে সংস্কার হচ্ছে নওগাঁর রাণীনগর উপজেলার ঐতিহ্যবাহী কেন্দ্রীয় পাইলট সরকারি মডেল উচ্চবিদ্যালয় খেলার মাঠ। প্রিয় এই মাঠের সংস্কার এবং আধুনিকায়নের কাজে খুশি এলাকাবাসী।
স্থানীয় সূত্রে জানা গেছে, কেন্দ্রীয় এই মাঠে একসময় অনুষ্ঠিত হতো বিভাগীয়সহ জেলা-উপজেলা পর্যায়ের ফুটবল টুর্নামেন্ট। এছাড়া ক্রিকেট, হ্যান্ডবলসহ উপজেলা পর্যায়ের সব ধরনের খেলা, বিভিন্ন দিবসের অনুষ্ঠানের আয়োজন হতো এই মাঠেই। কিন্তু পানি নিষ্কাশনের কোনো ব্যবস্থা না করেই মাঠের আশপাশে অপরিকল্পিতভাবে ভবন নির্মাণ করায় বর্ষা মৌসুমে বৃষ্টি ও বাসাবাড়ির পানি জমে মাঠটি জলাবদ্ধ হয়ে থাকত।
উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জাকির হোসেন জয় বলেন, স্থানীয় গণমাধ্যমকর্মীদের সহযোগিতায় উপজেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে দ্রুত মাঠটি সংস্কারের জন্য জোরালো আবেদন করা হয়েছিল। মাঠটিতে সংস্কারকাজ শুরু হওয়ায় খুবই ভালো লাগছে।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেহেদী হাসান বলেন, মাঠটি মাটি দিয়ে ভরাট করা হচ্ছে। পরবর্তী সময়ে মাঠের তিন দিকে পানি নিষ্কাশনের জন্য ড্রেনও নির্মাণ করা হবে।
নওগাঁ-৬ আসনের সংসদ সদস্য মো. আনোয়ার হোসেন হেলাল বলেন, ‘আশা করছি দ্রুতই রাণীনগরবাসী নতুন রূপে এই মাঠকে ফিরে পাবে।’
