দেশের পরিস্থিতি নির্বাচনের জন্য অনুকূল নয় বলে মন্তব্য করেছেন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সভাপতি জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা (সন্তু লারমা)। গতকাল পার্বত্য শান্তি চুক্তির ২১ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত সাংবাদিক সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। আওয়ামী লীগ সরকারের সমালোচনা করে তিনি বলেন, সরকারের অবস্থা দেখলে মনে হয় তারা কোনো দোষ করে না, সব দোষ করে বিপক্ষ শক্তি। সংবাদ সম্মেলনে শান্তি চুক্তি বাস্তবায়নে সরকার আন্তরিক নয় এ মন্তব্য করে তিনি বলেন, সরকার শান্তি চুক্তি বাস্তবায়ন নিয়ে যে প্রচারণা করছে তা ‘মিথ্যাচার’। সরকার যখন শান্তি চুক্তি বাস্তবায়ন করছে না তখন আসন্ন নির্বাচনে সেই সরকারের বদল চান কিনা এমন প্রশ্নের উত্তর এড়িয়ে যান সন্তু লারমা। দীর্ঘ দুই দশকের অধিক সময় ধরে চলা পাহাড়ের সশস্ত্র সংঘাত অবসানের লক্ষ্যে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকার সময় ১৯৯৭ সালের ২ ডিসেম্বর স্বাক্ষরিত হয় ঐতিহাসিক পার্বত্য চট্টগ্রাম চুক্তি।
গতকাল বৃহস্পতিবার সকালে রাজধানীর হোটেল সুন্দরবনে আয়োজিত সংবাদ সম্মেলনে আরো বক্তব্য রাখেন বাংলাদেশ আদিবাসী ফোরামের সাধারণ সম্পাদক সঞ্জীব দ্রং, ঐক্য ন্যাপের সভাপতি পংকজ ভট্টাচার্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক মেসবাহ কামাল, আইইডির নির্বাহী পরিচালক নুমান আহম্মদ খান। সঞ্চালনা করেন জনসংহতি সমিতির তথ্য বিভাগের সদস্য দীপায়ন খীসা।
