হিলি সীমান্তে ঈদের শুভেচ্ছা জানিয়ে বিজিবি-বিএসএফের মিষ্টি বিনিময়

আপডেট : ০৫ জুন ২০১৯, ১২:১১

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্সকে (বিএসএফ) মিষ্টি উপহার দিয়ে ঈদের শুভেচ্ছা জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। পক্ষান্তরে বিএসএফও বিজিবিকে মিষ্টি উপহার দিয়ে ঈদের শুভেচ্ছা জানায়। বুধবার সকাল ১০টায় দিনাজপুরের হিলি চেকপোস্ট গেটে সম্প্রীতির এই মিষ্টি বিনিময় অনুষ্ঠিত হয়।

 

বিজিবির হিলি সিপি ক্যাম্পের কোম্পানি কমান্ডার চাঁন মিয়া জানান, দিনাজপুর সেক্টর কমান্ডার, জয়পুরহাট-২০ বিজিবি ব্যাটালিয়ন ও হিলি সিপি ক্যাম্পের পক্ষ থেকে ঈদের শুভেচ্ছা জানিয়ে বিএসএফের রায়গঞ্জ সেক্টর, পতিরাম ব্যাটালিয়ন অধিনায়ক ও হিলি বিওপি কমান্ডারের নামে মিষ্টির ১২টি প্যাকেট দেওয়া হয়। এ সময় জয়পুরহাট-২০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল রাশেদ মোহাম্মদ আনিসুল হক ভারতের পতিরাম ১৯৯ বিএসএফ ব্যাটালিয়নের অধিনায়ক বি এস নেগীর হাতে মিষ্টির প্যাকেটগুলি তুলে দেন।  আমাদেরও শুভেচ্ছা জানিয়ে বিএসএফের পক্ষে থেকেও মিষ্টির ১২টি প্যাকেট দেওয়া হয়।

আরো পড়ুন : ভোলায় ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা

মিষ্টি বিনিময়কালে জয়পুরহাট- ২০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল রাশেদ মোহাম্মদ আনিসুল হক জানান, আজ আমাদের বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর। ঈদ সার্বজনীন। আমরা উভয়বাহিনীসহ দুই দেশের মধ্যে ঈদের আনন্দ ছড়িয়ে দিতে চায়।  সীমান্তে এ ধরণের সম্পর্ক আমাদের মধ্যে সৌহাদ্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্ব তৈরি করে।

 

এদিকে ভারতের পতিরাম ১৯৯ বিএসএফ ব্যাটালিয়নের অধিনায়ক বি এস নেগী সাংবাদিকদের জানান, বিজিবিকে আমরা তাদের ধর্মীয় উৎসবে শুভেচ্ছা জানিয়েছি। উভয় বাহিনী সীমান্তে শান্তি স্থাপনে কাজ করছে।

 

ইত্তেফাক/ইউবি