জার্মানির উত্তরের শহর ব্রেমেরহাফেনের একটি স্কুলে বৃহস্পতিবার (১৯ মে) গোলাগুলির ঘটনা ঘটে। এতে একজন আহত হয়েছেন৷ পুলিশ বলছে তারা সন্দেহভাজন বন্দুকধারীকে আটক করেছে৷ এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।
স্থানীয় পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে, লয়েড গিমনাজিউম নামের এক মাধ্যমিক স্কুলে ঘটনাটি ঘটেছে৷ তারা জানান, সশস্ত্র ব্যক্তিকে আটক করে পুলিশের হেফাজতে রাখা হয়েছে৷
আহত ব্যক্তিটি স্কুলের ছাত্র নন এবং তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে৷ ছাত্ররা তাদের শিক্ষকদের সাথে শ্রেণিকক্ষে আছে৷
ঘটনাস্থলে অবস্থানরত পুলিশরা জানিয়েছে, পরিস্থিতি এখন স্বাভাবিক আছে৷ জার্মানিতে কঠোর বন্দুক আইনের কারণে স্কুলে গুলির ঘটনা তুলনামূলকভাবে বিরল৷
