ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইডোডো বলেছেন, আগামী সপ্তাহে পাম তেল রপ্তানির উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে। বৃহস্পতিবার তার এই ঘোষণার ফলে ইউক্রেনে যুদ্ধের কারণে দাম বেড়ে যাওয়া তেলের বাজারের ওপর চাপ কিছুটা কমবে। অভ্যন্তরীণ ঘাটতির মুখে সরবরাহ বজায় রাখার জন্য গত মাসে নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। খবর এএফপি’র।
এক অনলাইন ব্রিফিংয়ে উইডোডো বলেছেন, রান্নার তেলের সরবরাহের ওপর ভিত্তি করে এবং পাম তেল শিল্পে নিয়োজিত ১৭ মিলিয়ন কৃষক ও শ্রমিকদের স্বার্থ বিবেচনা করে আমি সিদ্ধান্ত নিয়েছি যে, ২৩ মে, সোমবার থেকে রান্নার তেল রপ্তানি আবার চালু করা হবে।
তিনি বলেন, সাশ্রয়ী মূল্যে চাহিদা পূরণ নিশ্চিত করতে সরকার সবকিছু কঠোরভাবে পর্যবেক্ষণ করবে।
নিষেধাজ্ঞা কারযকরের পর উইডোডো বলেছিলেন যে, দেশের ২৭০ মিলিয়ন লোকের জন্য সরবরাহ নিশ্চিত করা তার সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার। কর্তৃপক্ষ কঠোরভাবে রপ্তানি নিষেধাজ্ঞা কার্যকর করায় ইন্দোনেশিয়ান নৌবাহিনী এ মাসের শুরুতে আদেশ লঙ্ঘন করে দেশের বাইরে পাম তেল বহনকালে একটি ট্যাঙ্কার আটক করেছিল।
ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের পর আকাশচুম্বী দামের কারণে জাকার্তা চাপের মুখে পড়ে। পাম ফলের দাম নাটকীয়ভাবে কমে যাওয়ার কারণে পাম তেল উৎপাদনকারীরা গত সপ্তাহে জাকার্তার কেন্দ্রস্থলে এবং ইন্দোনেশিয়ার বেশ কয়েকটি শহরে বিক্ষোভ করেছে।
