বিশিষ্ট সাংবাদিক ও কলাম লেখক আবদুল গাফ্ফার চৌধুরীর মৃত্যুতে গভীর শোক জানিয়েছে লন্ডনস্থ বাংলাদেশ হাই-কমিশন। বৃহস্পতিবার (১৯ মে) হাই-কমিশন থেকে প্রকাশিত এক শোকর্বাতার মাধ্যমে শোক জানানো হয়।
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সাইদা মুনা তাসনিম রহুম আবদুল গাফফার চৌধুরীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। এক শোকর্বাতায় তিনি বলেন, মহান একুশের অমর সংগীতের রচয়িতা জনাব আবদুল গাফফার চৌধুরীর মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত এবং দু:খ ভারাক্রান্ত। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমি তার শোক-সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। বাংলাদেশ হাইকমিশন সব ধরণের সাহায্য-সহযোগিতার জন্য সার্বক্ষনিকভাবে মরহুমের পরিবারের পাশেই রয়েছে।
শোক বার্তায় তিনি আরও বলেন, আবদুল গাফফার চৌধুরীর মৃত্যুতে দেশ ও জাতি হারালো তার এক শ্রেষ্ঠ সন্তানকে। ব্রিটিশ-বাংলাদেশি কমিউনিটি হারালো তাদের বাতিঘর ও অভিভাবককে। বাংলাদেশের এই বরেণ্য সাংবাদিক, সাহিত্যিক ও কলামিষ্ট তার অসাধারণ লেখা ও কমের্র মধ্য দিয়ে আমাদের মাঝে অমর হয়ে থাকবেন এবং ভবিষ্যত প্রজন্মের জন্যও অশেষ অনুপ্রেরণার উৎস হয়ে থাকবেন। আমি তার বিদেহী আত্মার প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছি ও মহান আল্লাহ তা‘য়ালার দরবারে তাঁর জান্নাতুল ফেরদৌস প্রাপ্তির জন্য বিশেষভাবে দোয়া করছি।
বিশিষ্ট সাংবাদিক ও কলাম লেখক আবদুল গাফ্ফার চৌধুরী লন্ডনের স্থানীয় সময় বৃহস্পতিবার ভোরে সেখানকার একটি হাসপাতালে শেষঃনিশ্বাস ত্যাগ করেন। তিনি ভাষা আন্দোলনের স্মরণীয় গান ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’র রচয়িতা। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৮ বছর।
