ইংল্যান্ডের জার্সি শেষ বার গায়ে জড়িয়েছেন গত বছরের ফেব্রুয়ারিতে। সেদিন থেকেই প্রশ্ন আন্তর্জাতিক ক্রিকেটে কবে ফিরবেন জফরা আর্চার।
দুই বার কনুইয়ের ইনজুরির কারণে গত গ্রীষ্ম ও শীত কোনো মৌসুমেই খেলা হয়নি এই গতিদানবের। এখন যখন ফেরার প্রস্তুতি নিচ্ছিলেন তখন বাধ সাধলো পিঠের ইনজুরি। যে কারণে ফেরার অপেক্ষাটা আরও দীর্ঘ হলো ডানহাতি পেসারের। ফিট হওয়ার ব্যাপারে কোনো সুনির্দিষ্ট ব্যাখ্যা পাননি। তবে আগামী গ্রীষ্ম মৌসুম খেলার সুযোগ পাচ্ছেন না আর্চার।
পিঠের ইনজুরিতে পড়ার আগে সাসেক্সের হয়ে একটি টি-টোয়েন্টি ও ওয়ানডে প্রস্তুতি ম্যাচ খেলেছিলেন তিনি। আর্চারকে না পাওয়াটা ইংল্যান্ডের জন্য বিশাল ধাক্কাই। মৌসুমে একই সঙ্গে আরেক পেসার সাকিব মেহমুদকেও পাচ্ছে না তারা। তাদের পেস ব্যাটারির বেশির ভাগ সদস্যই এখন ইনজুরিতে জর্জরিত।
