ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) প্রথমবারের মতো শুরু হয়েছে দুই দিনব্যাপী আন্তর্জাতিক আলোকচিত্র প্রদর্শনী।
শনিবার (২১ মে) সকাল ১০ টার দিকে বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনের করিডোরে ইসলামী বিশ্ববিদ্যালয় ফটোগ্রাফি এসোসিয়েশন এ প্রদর্শনীর আয়োজন করে। যা চলবে ২২মে পর্যন্ত।
আয়োজকরা জানান, অনলাইন ইভেন্টের মাধ্যমে ড্রোন ফোটোগ্রাফি, ন্যাচার, পোট্রের্ট, লাইফস্টাইল, স্ট্রিটসহ বিভিন্ন ক্যাটাগরিতে ছবি আহ্বান করা হয়। যেখানে থাইল্যান্ড, মালয়েশিয়া, মায়ানমার, ভারত, ভুটান প্রভৃতি দেশ থেকে আলোকচিত্রীরা প্রায় ১২০০ ছবি জমা দেন। এরমধ্যে ১২০ টি ছবি প্রাথমিক ভাবে বাছাই করা হলেও প্রদর্শনীতে চূড়ান্ত ভাবে বাছাইকৃত ৮২ টি ছবি প্রদর্শিত হচ্ছে।
এদিকে সেরা ৬টি ছবির আলোকচিত্রীকে প্রদর্শনীর শেষ দিনে সর্বমোট ২০ হাজার টাকা প্রাইজমানি দেয়া হবে। এছাড়া প্রদর্শিত ছবিগুলো দর্শনার্থীরা ক্রয় করতে চাইলে প্রতিটি ছবির মূল্য ২৫০০ টাকা। তবে পুরস্কার প্রাপ্ত ছবি কিনতে চাইলে সে ক্ষেত্রে এর মূল্য ৫০০০ টাকা।
এবিষয়ে ফটোগ্রাফি এসোসিয়েশনের সভাপতি সোহানুর রহমান বলেন, আসলে ফটোগ্রাফি হচ্ছে একটি শিল্প ও মনের ভালোলাগা। প্রথমবারের মতো ইবিতে আন্তর্জাতিক আলোকচিত্র প্রদর্শনী উৎসব হচ্ছে। এখানে ইবির এবং দেশী-বিদেশী আলোকচিত্রীদের ছবি প্রদর্শিত হচ্ছে। আশাকরি সবার ভালো লাগবে।
