কুষ্টিয়ার মিরপুরে ঝড়ের তাণ্ডবে ভেঙে গেছে পল্লী বিদ্যুৎ সমিতির শতাধিক বৈদ্যুতিক খুঁটি। এতে উপজেলার বেশির ভাগ এলাকা বিদ্যুৎ বিহীন রয়েছে। এ পরিস্থিতি কখন স্বাভাবিক হবে, সে বিষয়ে সুনির্দিষ্ট তথ্য দিতে পারেনি পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ।
শনিবার (২১ মে) ভোরে কুষ্টিয়া জেলাজুড়ে ঝড়-বৃষ্টিতে ব্যাপক ক্ষতি হয়েছে। অনেক কাঁচা-পাকা ঘরবাড়ি ভেঙে পড়েছে। ক্ষতি হয়েছে আম-লিচুসহ বিভিন্ন মৌসুমি ফলের। উপড়ে পড়েছে গাছপালা।
কুষ্টিয়া পল্লী বিদ্যুৎ সমিতির মিরপুর জোনাল অফিসের এজিএম ইঞ্জিনিয়ার মেহেদি হাসান বলেন, ‘শনিবার ভোরে হঠাৎ ঝড়ে শতাধিক
বৈদ্যুতিক খুঁটি ভেঙে পড়েছে। মিরপুর জোনাল অফিসের আওতায় প্রায় ৯ কিলোমিটার বিদ্যুৎ লাইন ক্ষতিগ্রস্ত হয়েছে। শুধু মিরপুর শহর ছাড়া এখনও পর্যন্ত উপজেলার প্রায় সব এলাকায় বিদ্যুৎ বিহীন রয়েছে। আজ বিকাল ৩টা ২৫মিনিটের দিকে মিরপুর শহরে বিদ্যুৎ সচল হয়।’
কুষ্টিয়া পল্লী বিদ্যুৎ সমিতির ডেপুটি জেনারেল ম্যানেজার (টেকনিক্যাল) মোকসেমুল হাকিম বলেন, ‘ঝড়ের তাণ্ডবে পুরো জেলা লণ্ডভণ্ড হয়ে গেছে। বিদ্যুতের খুঁটি ভেঙে এবং গাছের ডাল পড়ে তার ছিঁড়ে অনেক স্থানের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে আছে। আমরা মেরামতের কাজ করছি।’
প্রসঙ্গত, কুষ্টিয়া পল্লী বিদ্যুৎ সমিতির মিরপুর জোনাল অফিসের আওতায় প্রায় ১৪০০ কিলোমিটার বিদ্যুৎ লাইন রয়েছে।

বিয়ের ২৬ দিনের মাথায় স্বামীর বাড়িতে লাশ হলেন নববধূ
নতুন দামে চা পাতা কিনছেন না মালিকরা, হতাশায় কৃষক