শ্যামপুরে ভুল চিকিৎসায় রোগীর মৃত্যুর অভিযোগ

আপডেট : ২১ মে ২০২২, ২২:২৬

পেটে প্রচণ্ড ব্যথায় অসুস্থ ছিলেন গৃহবধূ আয়েশা আক্তার (৩০)। শনিবার সকালে আয়েশার স্বামী দ্বীন ইসলাম জরুরি চিকিৎসার জন্য নিয়ে যান রাজধানীর শ্যামপুরে পোস্তগোলায় অবস্থিত সাউথ ইস্ট মডেল হাসপাতালে। সেখানকার চিকিৎসক আয়েশাকে দেখে জরুরি ভিত্তিতে মেডিক্যাল পরীক্ষা-নীরিক্ষার পর দ্রুত অপরারেশন করানোর জন্য পরামর্শ দেন।

চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওই হাসপাতালের অপারেশন থিয়েটারে নেওয়া হয়। অপারেশনের জন্য ইনজেকশন পুশ করতেই আয়েশার শারীরিক অবস্থার আরও অবনতি হয়। এক পর্যায়ে আয়েশাকে পাশে অবস্থিত ডেলটা ডায়াগনস্টিক হাসপাতালের আইসিইউতে নেওয়া হয়। সেখানে সন্ধ্যায় তাকে মৃত ঘোষণা করা হয়। 

আয়েশার স্বামী দ্বীন ইসলামের অভিযোগ, চিকিৎসকরা তার স্ত্রীকে মাত্রাতিরিক্ত এনেসথেসিয়া ইনজেকশন পুশ করে হত্যা করেছে। তার স্ত্রীর পিত্তথলিতে পাথর হয়। ব্যথার যন্ত্রণা নিয়েই শনিবার সকালে সাউথ ইস্ট মডেল হাসপাতালে নিয়ে যান। সেখানে ভুল চিকিৎসায় তার স্ত্রীর মৃত্যু হয় বলে তিনি অভিযোগ করেন। 

নিহত আয়েশার বাবার নাম লেহাজ উদ্দিন। গ্রামের বাড়ি মুন্সিগঞ্জের সিরাজদিখানের চর গলগলিয়ায়। দুই ছেলে ও দুই মেয়ের জননী ছিলেন আয়েশা।  

সাউথ ইস্ট মডেল হাসপাতালের ম্যানেজার মামুন বলেন, ‘সকালে ব্যথা নিয়ে আয়েশা আক্তার এই হাসপাতালে আসেন। তার পিত্তথলিতে পাথর ছিল। তার অপারেশনের জন্য থিয়েটারে নেওয়া হয়। সেখানে এনেসথেসিয়া ইনজেকশন পুশ করেন ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের সহকারী অধ্যাপক আব্দুল করিম। ওই সময় রোগী ‘ভয়ে হার্ট অ্যাটাক’ করেন। সেখানে আইসিইউ না থাকায় পাশের একটি হাসপাতালে রেফার্ড করা হলে সেখানে মারা যান আয়েশা।’

শ্যামপুর থানার ওসি মফিজুল আলম বলেন, ‘আমরা এখনো কোনও অভিযোগ পাইনি। তবে বৈধ কোনও হাসপাতালে রোগীর মৃত্যু হলে, বিষয়টি দেখবে স্বাস্থ্য অধিদফতর।’

ইত্তেফাক/এএএম