গোমস্তাপুরে শ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠান আলিনগর বালিকা উচ্চ বিদ্যালয়

আপডেট : ২৩ মে ২০২২, ১৭:০৪

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে অনুষ্ঠিত প্রতিযোগিতায় সাফল্য দেখিয়েছেন গোমস্তাপুর উপজেলার আলিনগর বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রীরা। উপজেলা পর্যায়ে তারা শ্রেষ্ঠ প্রতিষ্ঠান ও প্রতিষ্ঠান প্রধান মাধ্যমিক পর্যায়ে নির্বাচিত হয়েছেন। এ ছাড়া, বিভিন্ন প্রতিযোগিতায় বিদ্যালয়ের ছাত্রীরা ৯টি ক্যাটাগরিতে প্রথম স্থান দখল করেছেন।

গত বৃহস্পতিবার উপজেলা মাধ্যমিক শিক্ষা বিভাগের আয়োজন এ প্রতিযোগিতা শুরু হয়। এতে ওই প্রতিষ্ঠানসহ ১৩টি পুরস্কারের মধ্যে প্রতিষ্ঠান প্রধান আলাউদ্দিন ও নয়জন শিক্ষার্থী প্রথম স্থান দখল করেন। 

ছাত্রীরা হলেন- হামদ ও নাতে ইসরাত জাহান, ইংরেজি রচনায় বুশরা মমতাজ, নির্ধারিত বক্তৃতায় আসিফা তাসনিম ও সুমাইতা ইসলাম, বাংলা রচনায় তৌফিকা জান্নাত নেহা, বাংলা কবিতা আবৃত্তিতে রিমা খাতুন, বিতর্ক প্রতিযোগিতায় জয়নব খাতুন, দেশাত্নবোধক গানে সিরাজুম মনিরা, শ্রেষ্ঠ স্কাউট তাসমিনা খাতুন ইলা ও শ্রেষ্ঠ স্কাউট শিক্ষক রেহেনা খাতুন নির্বাচিত হন।

এদিকে উপজেলায় শ্রেষ্ঠ প্রতিষ্ঠান ও প্রধান নির্বাচিত হওয়ায় প্রধান শিক্ষক মো. আলাউদ্দিন সংশ্লিষ্ট সবার নিকট কৃতজ্ঞতা প্রকাশসহ শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়েছেন।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার (১৯ মে) রহনপুর আহম্মদী বেগম সরকারি উচ্চ বিদ্যালয়ে এ প্রতিযোগিতার উদ্বোধন করেন জেলা প্রশাসক এ কে এম গালিভ খান।

 

ইত্তেফাক/এএইচ

এ সম্পর্কিত আরও পড়ুন