বরিশালের উজিরপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক পল্লি চিকিৎসকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৪ মে) সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত বিজয় বৈদ্য (৫০) উপজেলার হারতা ইউনিয়নের নাথারকান্দি গ্রামের বাসিন্দা। বৈদ্যুতিক পাখার সাহায্যে ধান পরিচ্ছন্ন করতে গিয়ে বিদ্যুতের শক লাগলে বসতঘরের সামনে তিনি পড়ে যান।
স্থানীয়রা তাকে উদ্ধার করে উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
উজিরপুর মডেল থানার ওসি আলী আরশাদ বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহের সুরতহাল শেষে পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই সৎকারের জন্য দেওয়া হয়েছে।
