অর্থমন্ত্রীর বাসায় বিএনপি প্রার্থী ইনাম

আপডেট : ২৯ নভেম্বর ২০১৮, ২২:২১

সিলেট-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী প্রাইভেটাইজেশন কমিশনের সাবেক চেয়ারম্যান ইনাম আহমদ চৌধুরী তার প্রতিদ্বন্দ্বী একই আসনে মহাজোট মনোনীত প্রার্থী ড. এ কে আবদুল মোমেনের সঙ্গে সৌজন্য সাক্ষাত্ করেছেন। গতকাল বৃহস্পতিবার দুপুরে নগরীর ধোপাদিঘীরপাড়স্থ হাফিজ কমপ্লেক্সে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের বাসায় এই দুই হেভিওয়েট প্রার্থীর সাক্ষাত্ হয়।

ইনাম আহমদ চৌধুরীর সঙ্গে ঘনিষ্ঠ সিলেট মহানগর বিএনপির সহ-সভাপতি সালেহ আহমদ খসরু জানান, সৌজন্য সাক্ষাতের অংশ হিসাবে ইনাম আহমদ অর্থমন্ত্রীর বাসায় যান। এটা সিলেটের সংস্কৃতি বলেও তিনি মন্তব্য করেন। এ সময় ড. মোমেন ছাড়াও তাঁর অগ্রজ অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, আরেক ভাই ঢাকাস্থ জালালাবাদ অ্যাসোসিয়েশনের সভাপতি ড. এ কে আবদুল মুবিন উপস্থিত ছিলেন।

এদিকে সিলেট বিভাগের ১৯টি আসনে লড়াইয়ের জন্য ১৮১ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন বলে   জানা গেছে। এর মধ্যে সিলেটের ৬টি আসন থেকে ৬৬ জন, সুনামগঞ্জের ৫টি আসন থেকে ৫২ জন, মৌলভীবাজারের ৪টি আসন থেকে ২৯ জন ও হবিগঞ্জের ৪টি আসন থেকে ৩৪ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন।

সিলেটের চার আসনে বিএনপির নতুন মুখ:সিলেট জেলার ছয়টি নির্বাচনী আসনে শরীক দলের কেউ কেউ মনোনয়ন দিলেও বিএনপি মনোনয়ন দিয়েছে। তারা বলেছে এটা তাদের কৌশল। এদিকে ভোটের রাজনীতিতে মর্যাদাপূর্ণ সিলেট-১ আসনসহ তিনটিতে দুজন করে প্রার্থী দিয়েছে বিএনপি। এতে নেতা-কর্মীরা দোটানায় পড়েছেন। সময়ের কারণে এমন কৌশল হিতে বিপরীতও হতে পারে বলে শঙ্কার কথা জানিয়েছেন কেউ কেউ। সিলেটের ছয় আসনে বিএনপির মোট ২২ জন মনোনয়ন প্রত্যাশী ছিলেন। ছয়টি সংসদীয় আসনের মধ্যে তিনটিতে দল দুজন করে প্রার্থীকে মনোনয়ন দিয়েছে। এর বাইরে যে তিনটি আসনে একজন করে প্রার্থীকে মনোনয়ন দেওয়া হয়েছে, এর মধ্যে একটিতে রয়েছেন ‘নিখোঁজ’ বিএনপি নেতা এম ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুশদীর লুনা। বাকি দুটি আসনে একজন করে প্রার্থীর নামে মনোনয়নের চিঠি দেওয়ার কারণ হচ্ছে, নবম জাতীয় সংসদে ওই দুই আসন জামায়াতকে ছেড়ে দিয়েছিল বিএনপি। এবারও এ দুটি আসনে জামায়াত স্বতন্ত্র প্রার্থী দিয়েছে। শেষ পর্যন্ত আসন দুটি জামায়াতকে ছেড়ে দেওয়া হতে পারে বলেই এখানে বিএনপি একজন করে প্রার্থীকে দলীয় মনোনয়নের চিঠি দিয়েছে।

সিলেট-১ আসনে মনোনয়ন পেয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ইনাম আহমদ চৌধুরী ও চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আবদুল মুক্তাদির। শেষ পর্যন্ত একজন সরে দাঁড়াবেন, এমনটাই ধারণা সকলের। সিলেট-২ আসনে সাবেক সাংগঠনিক সম্পাদক নিখোঁজ এম ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুশদীর লুনাকে মনোনয়ন দেওয়া হয়। তাহসিনা এবারই প্রথমবারের মতো কোনো নির্বাচনে অংশ নিচ্ছেন। সিলেট-৩ আসনে মনোনয়ন পেয়েছেন বিএনপি নেতা সাবেক এমপি শফি আহমদ চৌধুরী ও জাতীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এম এ সালাম। সালাম নতুন মুখ। শফি আহমদ অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হয়েছিলেন। সিলেট-৪ আসনে মনোনয়ন পেয়েছেন কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক দিলদার হোসেন সেলিম ও স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সহ-সভাপতি সামসুজ্জামান। সামসুজ্জামান এবার নতুন মুখ। সিলেট-৫ আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন জেলা বিএনপির সহ-সভাপতি মামুনুর রশীদ। তিনি নতুন মুখ। এবারও জামায়াতকে আসনটি ছেড়ে দেওয়া হতে পারে বলে নেতা-কর্মীরা ধারণা করছেন। এছাড়া সিলেট-৬ আসনটি নবম জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতকে ছেড়ে দেয় বিএনপি। এবার এ আসনে মনোনয়ন দিয়েছে জেলা বিএনপির সহ-সভাপতি ফয়সল আহমদ চৌধুরীকে। তিনিও নতুন মুখ। এখানে জামায়াত নেতা মাওলানা হাবিবুর রহমান মনোনয়ন দাখিল করেছেন স্বতন্ত্র প্রার্থী হিসাবে।