কামরাঙ্গীরচরে দুই বন্ধুর মৃত্যু নিয়ে রহস্য

আপডেট : ২৬ মে ২০২২, ০১:০৬

রাজধানীর কামরাঙ্গীরচরের মুসলিমবাগ লবণ কারখানার গলি এলাকায় মো. মিরাজ (২৫) ও মো. রুবেল (২৫) নামে দুই বন্ধুর রহস্যজনক মৃত্যু হয়েছে। গতকাল বুধবার সকালের দিকে এ ঘটনা ঘটে। তাদের পরিবারের লোকজনের দাবি, কীটনাশক পানে তাদের মৃত্যু হয়েছে। তবে পুলিশ বলছে, মদজাতীয় কিছু পান করেছিলেন তারা।

মিরাজের চাচাতো ভাই আয়নাল বলেন, ‘মিরাজ একটি লবণ কারখানায় কাজ করত। তার মা-বাবা মঙ্গলবার গ্রামের বাড়ি বিক্রমপুরে যান, আজ (বুধবার) আসার কথা। কী কারণে তাদের মৃত্যু হয়েছে বুঝতে পারছি না। তারা কীটনাশক পান করেছে, নাকি অন্য কিছু তা-ও জানি না।’

এলাকার বাসিন্দা তোফায়েল আহমেদ জানান, সকাল ১০টার দিকে তারা শুনতে পান ঐ বাড়ির দ্বিতীয় তলায় দুই বন্ধু মারা গেছেন। তারা সেখানে গিয়ে বিছানায় শোয়া অবস্থায় তাদের দেখতে পান। এদের মধ্যে মিরাজ জীবিত আছেন ভেবে পুলিশের সহায়তায় হাসপাতালে নিয়ে যান স্থানীয়রা। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

ইত্তেফাক/ ইআ