কুমিল্লায় বিজিবির সঙ্গে বন্দুকযুদ্ধে হেলাল উদ্দিন নামে এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন। শুক্রবার ভোরে জেলার আদর্শ সদর উপজেলার ঘিলাতলী এলাকায় এ ঘটনা ঘটে।
হেলাল উদ্দিন আদর্শ সদর উপজেলার বাজগড্ডা গ্রামের মৃত সুন্দর আলীর ছেলে। তার বিরুদ্ধে কয়েকটি মাদকের মামলা রয়েছে। ঘটনাস্থল থেকে ৩ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।
কুমিল্লা কোটবাড়িস্থ ১০ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আবু মোহাম্মদ মহিউদ্দিন জানান, বিজিবির একটি দল শুক্রবার ভোরে জেলার আদর্শ সদর উপজেলার ঘিলাতলী এলাকায় অভিযান চালায়। অভিযানের বিষয়টি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা বিজিবিকে লক্ষ্য করে গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে বিজিবিও পাল্টা গুলি ছোড়ে। এক পর্যায়ে মাদক ব্যবসায়ীরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় হেলাল উদ্দিনকে উদ্ধার করে কুমিল্লা মেডিক্যাল কলেজ (কুমেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আরো পড়ুন : মাগুরায় সেপটিক ট্যাংকে পড়ে দুইজন নিহত
তিনি আরো জানান, হেলাল উদ্দিন দীর্ঘদিন ধরে মাদকদ্রব্য চোরাচালানের সঙ্গে জড়িত ছিল। তার বিরুদ্ধে ঢাকা ও কুমিল্লার বিভিন্ন থানায় কমপক্ষে ৮টি মাদক মামলা রয়েছে।
ইত্তেফাক/ইউবি
