বিএনপি প্রার্থী সাবিরার দণ্ড স্থগিত করলো হাইকোর্ট

আপডেট : ২৯ নভেম্বর ২০১৮, ২২:২২

একাদশ সংসদ নির্বাচনে যশোর-২ আসন থেকে বিএনপি মনোনীত প্রার্থী সাবেক উপজেলা চেয়ারম্যান সাবিরা সুলতানার দণ্ড স্থগিত করেছে আদালত। এ সংক্রান্ত আবেদন গ্রহণ করে বিচারপতি মো. রইসউদ্দিনের একক হাইকোর্ট বেঞ্চ গতকাল বৃহস্পতিবার এ আদেশ দেন। আদেশের পর সাবিরার আইনজীবী অ্যাডভোকেট এম আমিনুল ইসলাম বলেন, আপিল বিচারাধীন থাকা অবস্থায় দণ্ড স্থগিতের জন্য ফৌজদারি কার্যবিধির ৪২৬(১) ধারা অনুযায়ী আবেদন করেছিলাম। হাইকোর্ট আমাদের বক্তব্য গ্রহণ করে আবেদনকারীর দণ্ড স্থগিত করেছে। তবে এ আদেশের বিরুদ্ধে আপিল করা হবে বলে জানিয়েছেন দুদক কৌঁসুলি  এবিএম বায়েজিদ।

জানা গেছে, দুদকের করা জ্ঞাত আয় বহির্ভূত সম্পদের মামলায় গত ১২ জুলাই সাবিরা সুলতানাকে ছয় বছরের কারাদণ্ড দেয় বিশেষ আদালত। ওই রায়ের বিরুদ্ধে করা আপিল গত ৩০ জুলাই শুনানির জন্য গ্রহণ করে হাইকোর্ট। পরে তিনি জামিন পান। এ অবস্থায় দণ্ড স্থগিত চেয়ে তার করা আবেদনের শুনানি গ্রহণে অপারগতা প্রকাশ করে হাইকোর্টের একটি একক বেঞ্চ। পরে বিষয়টি নিষ্পত্তির জন্য এই বেঞ্চে পাঠান প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন।

প্রসঙ্গত, গত মঙ্গলবার বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কেএম হাফিজুল আলমের সমন্বয়ে গঠিত হাইকোর্টের ডিভিশন বেঞ্চ এক আদেশে বলেন, ফৌজদারি মামলায় দুই বছর বা এর অধিক দণ্ড মাথায় নিয়ে দণ্ডিতদের নির্বাচনে অংশগ্রহণের ক্ষেত্রে আইনগত বাধা রয়েছে। সংবিধানের ৬৬(২)(ঘ) অনুচ্ছেদ অনুযায়ী নিম্ন আদালতের দেওয়া ওই দণ্ডের বিরুদ্ধে আপিল বিচারাধীন থাকলেও আপিলকারী নির্বাচনে অংশ নিতে পারবেন না। কারণ দণ্ড মাথায় নিয়ে নির্বাচন করার বিষয়টি সংবিধান অনুমোদন করে না। এটা সংবিধানের মূল চেতনারও পরিপন্থি। বিএনপি নেতা ও সাবেক প্রতিমন্ত্রী আমানউল্লাহ আমান, সাবেক এমপি আব্দুল ওয়াদুদ ভুঁইয়া, মো. মশিউর রহমান ও মো. আব্দুল ওহাব এবং ড্যাব নেতা ডা. এজেডএম জাহিদ হোসেনের সাজা স্থগিতের আবেদন খারিজ করে এ অভিমত দেয় হাইকোর্ট। বুধবার এ আদেশ বহাল রাখে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বিভাগ।