খেতের জালে আটকা পড়ে মারা যাচ্ছে পাখি ও বন্যপ্রাণী

আপডেট : ২৮ মে ২০২২, ১০:৪০

ঝিনাইদহের বিভিন্ন গ্রামে পাখির কবল থেকে খেতের ফসল রক্ষা করার জন্য চাষিরা কারেন্ট জাল দিয়ে ঢেকে দিচ্ছে। এতে নানা প্রজাতির পাখি আটকা পড়ে মারা যাচ্ছে। পথে চলতে অনেক সময়ই জালে আটকা পড়া পাখি নজরে পড়ে।

সাধারণত বেগুনখেত জাল দিয়ে ঢেকে দেওয়া হয়। তবে কোনো সুহৃদয় ব্যক্তির নজরে এলে জাল থেকে পাখি ছাড়িয়ে অবমুক্ত করে দেন অনেক সময়। শুধু পাখি নয় অন্য বন্যপ্রাণীও জালে আটকা পড়ে মারা যাচ্ছে প্রায়ই। গত শুক্রবার ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলার নাগিরাট গ্রামের সবেদ আলির খেতের জালে আটকা পড়ে বিলুপ্ত প্রায় প্রাণী একটি গুইসাপ।

চার দিন ধরে জালে আটকা ছিল গুইসাপটি। পরে খবর পেয়ে ঝিনাইদহের পরিবেশবাদী কর্মী জহির রায়হান তার ছেলে অপু রায়হান ও আরেক সহকারী কাজী বজলুর রহমানকে সঙ্গে নিয়ে গুইসাপটি জাল থেকে মুক্ত করেন। পরে পাশের জঙ্গলে গুইসাপটি অবমুক্ত করা হয়। এর আগেও শিকারিদের হাতে আটক পাখি উদ্ধার করে অবমুক্ত করেছেন বলে জহির রায়হান জানান।

ইত্তেফাক/ইআ