রাজধানীর দনিয়ায় অবস্থিত বর্ণমালা স্কুল অ্যান্ড কলেজ রক্ষায় মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছেন শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসী। শনিবার দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত প্রতিষ্ঠানটির সামনে শতাধিক মানুষ এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন।
এসময় ‘বর্ণমালাকে রক্ষায় আমরা বদ্ধপরিকর’, ‘বর্ণমালাকে নিয়ে ষড়যন্ত্র মানি না, মানবো না’- এ ধরনের শ্লোগান সংবলিত ব্যানার ও প্ল্যাকার্ড অংশগ্রহণকারীদের হাতে শোভা পায়। মানববন্ধন শেষে তারা বিক্ষোভ সমাবেশ করেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন বর্ণমালা স্কুল অ্যান্ড কলেজের চেয়ারম্যান আব্দুস সালাম বাবু, অভিভাবক প্রতিনিধি ফয়সাল বাবু, বর্ণমালা অভিভাবক ফোরামের সভাপতি শিশির আহমেদ রনি, সাধারণ সম্পাদক জামাল মিয়া, সদস্য খান মো. মহিউদ্দিন, প্রতিষ্ঠানের অভিভাবক আব্দুল কাইয়ুম খন্দকার, অভিভাবক ও আওয়ামী নেতা আল-আমিন, নূরপুর জামে মসজিদের সদস্য রিপন, অভিভাবক ও ৬০ নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন।
মানববন্ধনে বক্তরা বলেন, বর্ণমালা স্কুল অ্যান্ড কলেজটি আব্দুস সালাম বাবুর বলিষ্ঠ নেতৃত্বে সুন্দর ও সুচারুভাবে পরিচালিত হচ্ছে। কতিপয় কুচক্রীমহল এই প্রতিষ্ঠানটি ধ্বংসের পাঁয়তারা করছে। ঐক্যবদ্ধভাবে সব ষড়যন্ত্র মোকাবিলা করা হবে বলেও ঘোষণা দেন তারা।
বর্ণমালা স্কুল অ্যান্ড কলেজের চেয়ারম্যান আব্দুস সালাম বাবু বলেন, কয়েক মাস ধরে কতিপয় কুচক্রীমহল শিক্ষাপ্রতিষ্ঠানটি ধ্বংসের পাঁয়তারা করছে। এলাকাবাসীকে সঙ্গে নিয়ে বর্ণমালা স্কুল অ্যান্ড কলেজ নিয়ে সব ষড়যন্ত্র রুখে দেওয়া হবে।
