শাহজিবাজার বিদ্যুৎকেন্দ্রে আগুন

আপডেট : ২৯ মে ২০২২, ১৪:১৬

হবিগঞ্জের মাধবপুরে শাহজিবাজার ৩৩০ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎ কেন্দ্রে আগুনের ঘটনা ঘটেছে। আগুনে কেন্দ্রের একটি ট্রান্সফর্মার ও নিয়ন্ত্রন কক্ষ পুড়ে গেছে। এতে শাহজিবাজার বিদ্যুৎ কেন্দ্র থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। 

রবিবার (২৯ মে) সকাল পৌনে ১০টার দিকে একটি ট্রান্সফরমার থেকে আগুনের সূত্রপাত বলে পল্লী বিদ্যুৎ সমিতি জানিয়েছে। দুপুর সোয়া ১২টায় প্রায় আড়াই ঘণ্টা প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে।

বিদ্যুৎ কেন্দ্রের প্রকোশলী মিজানুর রহমান জানান, সকাল প্রায় পৌনে ১০ টায় কেন্দ্রের ভিতর টান্সফর্মারে আগুন লাগে। খবর পেয়ে মাধবপুর, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ, চুনারুঘাট ও আরএফএল-এর ইউনিটসহ ৫টি ফায়ার সার্ভিস ইউনিট এসে আগুন নেভানোর কাজ শুরু করে। দুপুর সোয়া ১২টায় প্রায় আড়াই ঘণ্টা প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। কেন্দ্রের তিনটি ট্রান্সফর্মারের মধ্যে একটি পুরোপুরি পুড়ে গেছে। নিয়ন্ত্রণ কক্ষও ক্ষতিগ্রস্থ হয়েছে। বর্তমানে শাহজিবাজার থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে।

অগ্নিকান্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ণয়ে তদন্ত কমিটি গঠন করা হবে বলে তিনি জানান।

ইত্তেফাক/এমআর